প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০ এএম
খায়রুল বাশার ও তানজিন তিশা।
সময়ের ব্যস্ত অভিনেতা খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন দর্শকের মন জয় করে আসা জনপ্রিয় এ দুই তারকা এবার ভালোবাসা দিবসে নতুন নাটকে জুটি বেঁধেছেন। নাটকের নাম ‘বসন্তবৌরি’, যা পরিচালনা করেছেন মিশুক মিঠু।
নির্মাতা মিশুক মিঠু বলেন, ‘খায়রুল বাশার এবং তানজিন তিশা দুজনই আমার প্রিয় শিল্পী। তাদের কাজের প্রতি নিষ্ঠা এবং দর্শকের প্রতি ভালোবাসা দেখে আমি চমৎকৃত। তারা যখন একসঙ্গে কাজ করেন, তখন দর্শকের জন্য কিছু বিশেষ উপহার আসে, যা প্রতিবারই প্রশংসিত হয়। আমি নিশ্চিত, বসন্তবৌরি নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।’
এ নাটকে খায়রুল বাশার এবং তানজিন তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার, শিল্পী সরকার অপু, মুহিত তমালসহ অনেকে। নাটকের গল্প ও চরিত্রদের মধ্যে একটি নতুন দৃষ্টিকোণ তৈরি করতে পুরো টিম কঠোর পরিশ্রম করেছে, যেখানে ভালোবাসা দিবসে দর্শক একটি বিশেষ অভিজ্ঞতা লাভ করতে পারেন।
খায়রুল বাশার নিজেও এ নাটকটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘গল্প ভালো হলে দর্শক গ্রহণ করবেই। আমি বিশ্বাস করি, বসন্তবৌরি দর্শকের ভালোবাসা পাবে।’ এ ছাড়া খায়রুল বাশারের আরও কিছু নাটক এ ভ্যালেন্টাইনসে প্রচারিত হবে।