বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৮:৪৭ পিএম
বর্তমানে দু’জনই বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। স্টার কিডের তকমা নিয়ে বি-টাউনে যাত্রা শুরু করলেও এখন তারা স্বনামে প্রতিষ্ঠিত। নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে পরিচালকদের পছন্দের তালিকাতেও আছেন এই দু’জন। এবার এক সিনেমায় জুটি বাঁধবেন তারা। একজন হলেন সাইফকন্যা সারা আলী খান, অন্যজন জ্যাকিপুত্র টাইগার শ্রফ।
বলিউডের বেশ কিছু সূত্রে জানা গেছে, ‘মিশন মঙ্গল’খ্যাত পরিচালক জগন শক্তির সঙ্গে জুটি বেঁধে একটি অ্যাকশন এন্টারটেইনার সিনেমায় অভিনয় করবেন টাইগার-সারা। ছবির গল্প অ্যাকশন থ্রিলার। যার জন্য ইতোমধ্যেই বিশ্বের সেরা স্টান্ট আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন দুই প্রযোজক বাসু ও জ্যাকি ভাগনানি। তবে এখনও সিনেমার নাম ঠিক হয়নি। নির্মাতা সংস্থার গোপন সূত্রে জানা গেছে, শুটিং শুরুর প্রস্তুতি চলছে। আগামী ১০ ডিসেম্বর থেকে টাইগার ও সারা শুটিং শুরু করবেন। ইউরোপের বিভিন্ন দেশে হবে দৃশ্যায়ন।
সারা আলী ও টাইগারের এটাই প্রথম সিনেমা। এর আগে তারা বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এবার দেখার পালা জুটি বেঁধে কতটা সফল হন।
টাইগার শ্রফকে সবশেষ ‘হিরোপন্তি ২’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সিনেমাটিতে তার অ্যাকশন দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হলেও এটি ব্যবসা করতে ব্যর্থ হয়। এই সিনেমায় টাইগারের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী তারা সুতারিয়া। পরিচালনার দায়িত্বে ছিলেন আহমেদ খান।
এদিকে সারা আলী খানকে সবশেষ দেখা গেছে ‘অতরঙ্গি রে’ সিনেমায়। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সাউথ সুপারস্টার ধানুশের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন আনন্দ এল রাই। বেশ ভালোই প্রশংসা এবং ব্যবসা পেয়েছে সিনেমাটি।