প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৫ পিএম
নায়ক বাপ্পারাজ। ছবি : সংগৃহীত
বাংলাদেশি সিনেমার নন্দিত নায়ক বাপ্পারাজ। তার ঠোঁটে বিরহ ঘরানার গান আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। ক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশিরভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। সিনেমায় ব্যর্থ প্রেমিকের সফল অভিনয় দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।
রুপালি পর্দায় বাপ্পারাজকে এখন আর দেখা যায় না। তবে তার অভিনীত সিনেমার সংলাপ নিয়ে হামেশাই তৈরি হয় মিম। থাকেন আলোচনায়। এই যেমন সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড চলছে ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি।
দীর্ঘ বিরতির পর ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ দিয়ে ফিরছেন বাপ্পারাজ। রবিবার (২ ফেব্রুয়ারি) সিরিজটির একঝলক ফেসবুকে শেয়ার করে ভক্তদের খবরটি জানিয়েছেন বাপ্পারাজ নিজেই।
ব্যর্থ প্রেমের সফল নায়ক নয়, এবার ব্যর্থ প্রেমিকের খোলস ছেড়ে অ্যাকশন নিয়ে আসছেন বাপ্পারাজ। ‘রক্তঋণ’ নামের ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তার চরিত্রে অ্যাকশন মুডে দেখা যাবে বাপ্পাকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি নজর এড়ায়নি নির্মাতা ও বাপ্পার। তাই হয়তো রক্তঋণ ওয়েব ফিল্মের অ্যানাউন্সমেন্ট টিজে বার্তা দিলেন, ‘বিরহ নয়, এবার অ্যাকশন হয়ে যাক’। প্রায় দেড় মিনিটের টিজার শুরু হয়েছে বাপ্পারাজের প্রেমের সমাধি সিনেমার ‘পাখি যায় উড়ে যায়’ গান দিয়ে। যে গান দিয়ে প্রায়ই বানানো হয় মিম। কয়েক লাইন বাজার পরই বাপ্পারাজ বলেন, ‘বন্ধ করো। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।’
রক্তঋণ বানাচ্ছেন মোস্তফা খান সিহান। এতে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বার চরিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ। থ্রিলার ঘরানায় তৈরি রক্তঋণের গল্পে দেখা যাবে হঠাৎ শহরে কয়েকজন চিকিৎসককে খুন করা হয়। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নামে পুলিশ। দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বারের ওপর। টিজারে বাপ্পারাজের মুখে শোনা গেল, ‘সব ক্রাইমের একটা হোল থাকে। আমাদের কাজ হচ্ছে সেই ফুটোটা খুঁজে বের করা। সবাই পায় না। সবাইকে দিয়ে সব কাজ হয় না।’
নির্মাতা সিহান বলেন, ‘দেশি সিনেমা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি। রক্তঋণের সংলাপ, চিত্রনাট্যে নব্বইয়ের দশকের বাংলা সিনেমা খুঁজে পাওয়া যাবে।’
ওয়েব ফিল্মে বাপ্পারাজকে কাস্টিং করা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরে পর্দায় নতুন কোনো কাজ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাকটিভ। সবাইকে চমকে দিতেই তাকে প্রধান চরিত্রে ভেবেছি। তার কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পর তিনি না করে দিয়েছিলেন। অনেক অনুরোধের পর সিনেমার গল্প ও পরিবেশন পরিকল্পনা শুনে উনি রাজি হন।’ ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। শিগগিরই পুরো কাজ শেষ করে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। এতে আরও অভিনয় করেছেন আরশ খান, শাহেদ আলী সুজন, নাদিয়া হক প্রমুখ।