প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩০ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩১ পিএম
স্কাই ফোর্স আর দেবা, বক্স অফিস লড়াইয়ে জমে উঠেছে মুভি দুটির আয়। ছবি : সংগৃহীত
এ সপ্তাহে এক লাফে বেশ অনেকটাই বেড়েছে সদ্য মুক্তি পাওয়া বলিউড ছবিগুলোর আয়। স্কাই ফোর্স আর দেবা, বক্স অফিস লড়াইয়ে জমে উঠেছে মুভি দুটি।
বর্তমানে স্কাই ফোর্স ছবিটি মোট আয় করেছে ৯৪ কোটি ৫০ লাখ টাকায়। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। মুক্তির পর প্রথম সপ্তাহে স্কাই ফোর্স ছবিটি বক্স অফিসে ৮৬ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার ছবিটি ৩ কোটি টাকার ব্যবসা করে।
এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।
অন্যদিকে দেবা ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে আয়ের দিক থেকে স্কাই ফোর্স ছবিটিকে টক্কর দিচ্ছে সেটা বলাই যায়। মুক্তির দ্বিতীয় দিনে বেশ খানিকটা বাড়ল শহিদ কাপুর অভিনীত এই ছবির আয়। শনিবার বক্স অফিসে এই অ্যাকশন ছবিটি ৬ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে দুদিনে দেবার বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১১ কোটি ৭৫ লাখ টাকায়। এটি প্রথম দিন ৫ কোটি ৫০ লাখ টাকা আয় করেছিল।
দেবা ছবিটির পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রু। ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি, প্রমুখ। সিদ্ধার্থ রায় কাপুর, শারিক প্যাটেল এবং উমেশ বংসল প্রযোজিত এই ছবিটি আসলে একটি মালায়লাম ছবির রিমেক।