প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪২ এএম
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
দীর্ঘদিন পর সংগীতের মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। এমন সময় হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।
জনপ্রিয় এ সংগীত তারকার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি, পড়ে যান।’ তবে রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমিন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এ বিষয়ে জাহাঙ্গীর বলেন, ‘দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টায় আমরা আপাকে বাসায় নিয়ে যাই। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’
শুক্রবার (৩১ জানুয়ারি) ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শীর্ষক আয়োজনের মাধ্যমে মঞ্চে ফিরেছিলেন সাবিনা। এক বছরের বেশি সময় পর এভাবে লাইভ অনুষ্ঠানে গাইছিলেন। এইচএসবিসি বাংলাদেশের এ আয়োজনে গতকালও একই মঞ্চে গাওয়ার কথা ছিল এ বরেণ্য শিল্পীর। কিন্তু আয়োজকরা জানিয়েছেন, কালকের অনুষ্ঠানে গাওয়ার দরকার নেই তার। আপাতত শিল্পী বিশ্রাম করুক, এমনটাই সবার চাওয়া।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বরেণ্য এ শিল্পী। অসুস্থতার কারণেই গান থেকে দূরে ছিলেন। এখন খানিকটা সুস্থ বোধ করায় আবারও স্টেজ শোয়ে ফিরেছিলেন।