প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১১:২৭ এএম
অঞ্জন দত্ত
বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত। তার মতে, বাংলাদেশ-ভারতের বিরূপ সম্পর্কের কারণে ক্ষতি হচ্ছে দুই দেশেরই।
সোমবার ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি এ শিল্পী বলেন, ‘কলকাতা এবং ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে এ সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। এ দুই দেশেরই খুব বড় একটা বাজার রয়েছে। এটি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান হোক। শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের একটা বড় বাজার রয়েছে। সেটা দুই দেশের জন্য খুলে যাওয়া প্রয়োজন। এতে দুই পক্ষেরই উপকার হবে। বাংলাদেশে অনেক সংবেদনশীল মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই দারুণ সিনেমা নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব এবং গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি শুধু রাজনৈতিক কারণে বলি দেওয়া উচিত নয়।’
তার মতে, ‘আমি বরাবরই শিল্প ক্ষেত্রে রাজনীতির বিরোধী। রাজনীতি মানুষকে ভাগ করে, অথচ শিল্প মানুষকে একত্র করে।’
অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ শিগগিরই মুক্তি পেতে চলেছে। এ সিনেমায় তার সহ-অভিনেতা হিসেবে থাকছের অপর্ণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।