প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ০৯:১৭ এএম
‘এমিলিয়া পেরেজ’ সিনেমার তিন অভিনেত্রী
মাসের শুরুতেই দেওয়া হয়েছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। সেখানে আগেই সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়ে রেকর্ড চারটি পুরস্কার বাগিয়ে নিয়েছিল জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। এবার অস্কারেও সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেল সিনেমাটি। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে এ মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী র্যাচেল সেনট ও অভিনেতা বোয়েন ইয়াং।
মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করেন যে অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবেন। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। শুরুতে তত আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। অস্কারে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা আন্তর্জাতিক সিনেমাসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় মনোনয়ন পেয়েছে ছবিটি। অস্কারে ১৩টি মনোনয়ন পেয়ে অঁদিয়ার এএফপিকে বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত।’
গত বছরের আলোচিত দুই সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’। এ দুটি ছবিও বাগিয়েছে ১০টি করে মনোনয়ন। বব ডিলানের বায়োপিক ‘আ কমপ্লিট আননোন’ ও ভ্যাটিক্যান থ্রিলার ‘কনক্লেভ’ পেয়েছে ৮টি করে মনোনয়ন।
মনোনয়ন পেলেন যারাÑ
সেরা ছবি : ‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন : পার্ট টু’ ‘এমিলিয়া পেরেজ’, ‘আই অ্যাম স্টিল হেয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’ ও ‘উইকেড’। সেরা নির্মাতা : শন বেকার, ব্র্যাডি করবেট, জেমস ম্যানগোল্ড, জ্যাক অঁদিয়ার ও কোরালি ফারগেট। সেরা অভিনেতা : অড্রিয়েন ব্রডি, টিমোথি শ্যালামে, কোলম্যান ডোমিঙ্গো, রেফ ফাইঞ্জ, সেবাস্তিয়ান স্ট্যান। সেরা অভিনেত্রী : সিনথিয়া আরিভো, কারলা সোভিয়া গ্লাসকোন, মাইকি ম্যাডিসন, ডেমি মুর, ফারনান্দো তোরেস।