সাইফ আলীর ওপর হামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:৩৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত
বলিউডের প্রখ্যাত নায়ক সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় পুলিশের তদন্তে নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, সাইফের বাড়িতে হামলার পর শরিফুল তার চেহারা বদলানোর সিদ্ধান্ত নেন। একটি সেলুনে গিয়ে নিজের চুল কাটান তিনি। পুলিশের সন্দেহ, চারদিকে নিজের ছবি ছড়িয়ে পড়তে দেখে নিজের চেহারা বদলাতেই চুল কেটে রঙ করিয়ে ফেলেছিলেন। ডিজিট্যাল ফেস রেকগনিশন টেস্ট পরীক্ষায় শরিফুলের সঙ্গে সিসিটিভির ছবির সাথে মিলিয়ে দেখা হবে।
চুরির উদ্দেশ্যেই সাইফ আলি খানের বাড়িতে ঢুকেছিলেন শরিফুল ইসলাম। চুরি করে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে ছিল তার। পুলিশের তদন্তে উঠে আসছে এসব চাঞ্চল্যকর তথ্য।
মুম্বাই পুলিশ আরও জানায়,
বাংলাদেশের নাগরিক শরিফুল পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। তিনি মুম্বাইয়ের
এক হোটেলে কাজ নেন। এরপর গত ১৫ ডিসেম্বর কাজ চলে যায়। সাইফের বাড়িতে চুরি করে বাংলাদেশে
ফিরে আসার পরিকল্পনা ছিল তার।
সাইফের উপরে হামলার
পরে বান্দ্রা স্টেশন থেকে চার্চগেটগামী ট্রেনে ওঠেন শরিফুল। তারপর দাদার স্টেশনে গিয়ে
নামেন তিনি। ওরলিতে পৌঁছানোর পর জানতে পারেন হামলার ঘটনার খবর সম্প্রচারিত হয়ে গিয়েছে।
শরিফুল তখন তার চেহারা বদলানোর সিদ্ধান্ত নেন এবং একটি সেলুনে গিয়ে নিজের চুল কাটান।
পুলিশের জেরায় শরিফুল
ইসলাম জানিয়েছেন, অভাবের কারণে সাইফের বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেন তিনি। তবে তিনি
কারও ক্ষতি করতে চাননি। তাই পুলিশকে তিনি বাংলাদেশে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
১৫ জানুয়ারি মধ্যরাতে
সাইফ-কারিনার বাড়িতে প্রবেশ করেছিলেন শরিফুল। তার উদ্দেশ্য ছিল এক কোটি টাকা আদায়
করা। কিন্তু তিনি ধরা পড়ে যান। বাধা দিতে এলে সাইফের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। একের
পর এক ছুরিকাঘাত করেন অভিনেতাকে। ঘটনার তিন দিনের মাথায় পুলিশ তাকে গ্রেপ্তার করলে
তার কাছে বাংলাদেশি ভোটার কার্ড পাওয়া যায়।