প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:০৬ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩৩ পিএম
ছবি : সংগীতশিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার বিকালে গায়ক তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেন।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, সম্প্রতি বিয়ে করেছেন দর্শন। পাত্রীর নাম ধারাল সুরেলিয়া। দর্শনের স্ত্রী পেশায় একজন আর্কিটেক্ট। পাশাপাশি তিনি একজন প্রফেশনাল ডিজাইনার এবং উদ্যোক্তা। বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ে।
সামাজিকমাধ্যমে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন দর্শন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সেরা বন্ধু চিরকাল।’ তার এই পোস্ট অনুরাগীদের মন কেড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন তারা। ছবিতে নবদম্পতিকে সাবেকি পোশাকে দেখা গেছে। প্রতিটি ছবিতেই তাঁদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ঝলক ও ভালোবাসার ছোঁয়া।
২০১৪ সালে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশ নেওয়ার পরই জনপ্রিয়তা পেতে থাকেন দর্শন রাভাল। এরপর বলিউডে ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, ‘মিত্রন’, ‘এক লড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’সহ অসংখ্য সিনেমায় গান গেয়েছেন তিনি।