প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ০৯:২৮ এএম
আরশ খান
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। বর্তমান সময়ে যারা দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন তিনি। একের পর এক নাটকে অভিনয় করেছেন, সমানতালে করে যাচ্ছেন হালের ওটিটির কাজও। হয়ে উঠেছেন সব মাধ্যমের জনপ্রিয় মুখ। দর্শকও আপন করে নিয়েছেন তরুণ প্রজন্মের এ অভিনেতাকে।
কিশোর বয়স থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত আরশ খান। মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সহযোগিতায় তিনি আজ জনপ্রিয় অভিনেতা। বারবার হোঁচট খেলেও কখনও থামেননি। নিজেকে গড়তে চেষ্টা চালিয়ে গেছেন। সে চেষ্টা এখনও চলমান। কয়েক বছরের অভিনয়ের ক্যারিয়ারে তার নাটকগুলোর প্রতি দর্শকের যেমন আগ্রহ তৈরি হচ্ছে, তেমন নির্মাতারাও হয়ে উঠছেন আরশকেন্দ্রিক।
বর্তমানে খুবই ব্যস্ত সময় যাচ্ছে আরশ খানের। গেল দেড় মাসেই মুক্তি পেয়েছে তার প্রায় দুই ডজন নাটক। ভিউর দিক থেকে নাটকগুলো মিলিয়নের ওপরে। এর মধ্যে রয়েছে ‘চ্যালেঞ্জ’, ‘আহত ভালোবাসার ঘ্রাণ’, ‘বিয়েশাদি’, ‘হৃদয়জুড়ে তুই’, ‘প্রেম তবু হারে না’, ‘তুমি পাশে থাকলে’, ‘সুখের ঠিকানা’, ‘ফার্স্ট নাইট’, ‘বেলা শেষে’, ‘পড়তে আমার ভাল্লাগে না’, ‘জলের গান’, ‘যদি তোর না হই’ ও ‘শেষ থেকে শুরু’ নাটক। এ ছাড়া গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার দুটি নাটক ‘বিন্দাস’ ও ‘তোমারি জন্য’।

নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে অভিনেতা আরশ বলেন, ‘এরই মধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। এ ছাড়া আসছে ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটকের কাজ করছি। ব্যস্ত থাকতে ভালো লাগে। আসলে আমার ওপর প্রযোজক-নির্মাতাদের আস্থা রয়েছে বলে আমি মনে করি। তা না হলে তো এত কাজ করতে পারতাম না। অনেকে আছেন কাজ পান না, সেখানে আমি কাজ করে কুলিয়ে উঠতে পারছি না। অভিনয়ের প্রতি আমার ভালোবাসাটা তো আছে। এখন আমি গল্প, চরিত্র কিছুটা বুঝি। তবে একটা সময় গেছে যখন অনেক ছাড়ে কাজ করেছি, শুধু টিকে থাকার চেষ্টা করেছি। অপেক্ষা করেছি ভালো দিনের।’
ভালো দিনের দেখা আরশ অবশ্য পেয়েছেন। তবে স্ট্রাগল এখনও চলছে। এর মধ্যে প্রাপ্তি তার ভক্ত তৈরি হয়েছে। মাঝে কমেডি গল্পে বেশি কাজ করলেও গেল বছর পুরোটাই রোমান্টিক গল্পে কাজ করেছেন। এখন তিনি কাজ করতে চান সব ধরনের গল্পে। তবে শর্ত একটাইÑ ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র হতে হবে।
নিজের অনেক অনেক কাজ ও চ্যালেঞ্জ নিয়ে এ তরুণ অভিনেতা বলেন, ‘আমি এখন সব ধরনের গল্পে অভিনয় করতে চাই। সব পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। যারা আমাকে ডাকেন না তাদের বলতে চাই, আমার সেই ডেডিকেশনটা আছে। চ্যালেঞ্জিং চরিত্রের ভরসা করতে পারেন। অভিনয় দিয়ে সবার মন ভরাতে পারব।’
শুধু ছোটপর্দা নয়, হালের জনপ্রিয় মাধ্যম ওটিটি নিয়েও ভাবছেন আরশ। তবে খুব তাড়াহুড়ো নয়, আটঘাট বেঁধেই মাঠে নামতে চান তিনি। অবশ্য প্ল্যাটফর্মে কিছুটা আক্ষেপও আছে এ অভিনেতার। সে কারণে নাটকে বেশি প্রাধান্য দিয়ে ওটিটিতে কাজ করতে চান। তার মতে, ‘ওটিটিতে কাজের বিষয়টা শুধু তো আমার চাওয়াপাওয়ার ওপর নির্ভর করে না। এখানে বেশ কিছু বিষয় থাকে। প্রতিটি প্ল্যাটফর্মে আলাদা করে একটা গ্রুপ থাকে। অভিনয় বিবেচনা করে কাস্ট করা হয় বলে আমার মনে হয় না। আবার কিছু কিছু সময় যারা ভালো, তারাও কাজ পাচ্ছেন। আসলে নাটক নিয়ে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওটিটির দিকে ছুটতে গেলে নাটকে গ্যাপ পড়ে যাবে। তার পরও যদি মনের মতো গল্প পাই, অবশ্যই কাজ করব।’
ক্যারিয়ারের শুরুতে টিকে থাকার জন্য যা পেয়েছেন তা-ই করেছেন। কিন্তু বর্তমানে নিজের ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন আরশ। নতুন কাজের ক্ষেত্রে আরও সচেতন হতে চান।