প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১০:১৬ এএম
সংগীতশিল্পী পড়শী
গানের মানুষ সাবরিনা পড়শী। গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই। পাশাপাশি অনিয়মিত কিছু অভিনয়েও দর্শকদের হৃদয় জয় করেছেন। এবার আরও একটি পরিচয়ে সামনে আসছেন পড়শী। গান আর অভিনয়ের বাইরে এবার তিনি হাজির হচ্ছেন প্রযোজনায়। বেশি দেরি নয়, সামনের ঈদেই দেখা যাবে পড়শীর প্রযোজিত নাটক। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। নাটকটি নির্মাণ করবেন মহিদুল মহিম।
নিজের নতুন পরিচয় নিয়ে পড়শী বলেন, ‘পরিকল্পনা আগে থেকেই ছিল। কিন্তু শুরুটা এ বছর থেকেই করতে চাই। এখন থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই। আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব। আশা করি, ভক্তদের দারুণ সব গল্প উপহার দিতে পারব।’
নতুন ব্যবসা নিয়ে তিনি আরও বলেন, ‘অনেক সময় পাণ্ডুলিপি পছন্দ হয় না, অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না। তার পরও পরিচালকদের অনুরোধে নাটকগুলো করতে হয়। পড়শী যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবেন, তখন গল্প থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। আমরা পারিবারিকভাবে বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে অফিসিয়ালি কাউকে এখনও জানানো হয়নি।’
গায়িকা জানান, নাটকগুলোর তত্ত্বাবধানে থাকবেন তারই ভাই স্বাক্ষর। আর এর জন্য আলাদা একটা ইউটিউব চ্যানেলও খুলবেন পড়শী।