× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না- ফেরার দেশে অঞ্জনা

ফেসবুকজুড়ে তারকাদের শোক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১০:২৯ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, নৃত্যশিল্পী অঞ্জনা রহমান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, নৃত্যশিল্পী অঞ্জনা রহমান

না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। শুক্রবার রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোবিজে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যে-যার মতো শোক প্রকাশ করছেন নেটদুনিয়ায়। দুবার জাতীয় চলচ্চিত্র পাওয়া বরেণ্য এ অভিনেত্রীর মৃত্যুতে ফেসবুক যেন এখন শোকবই!

সিনেমার গুণী অভিনেতা সোহেল রানা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘না-ফেরার দেশে চলে গেল অঞ্জনা। চলচ্চিত্র জগতের একটা আলো নিভে গেল। আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুন।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, খল অভিনেতা মিশা সওদাগর অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে লিখেছেন, ‘কিংবদন্তি বাংলাদেশি চিত্রনায়িকা অঞ্জনা আপা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার শোক জানানোর কোনো ভাষা নেই। দোয়া করবেন।’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান লিখেছেন, ‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

চিত্রনায়িকা শাহনূর লিখেছেন, ‘প্রিয় অঞ্জনা দিদি আর নেই। (কোনো কিছু লেখার ভাষা নেই) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই দিদির আত্মার শান্তি কামনায় দোয়া করবেন, আমিন। দিদির সঙ্গে এত স্মৃতি, কখনোই ভুলে যাওয়ার মতো নয়।’

যুক্তরাষ্ট্র থেকে নায়ক জায়েদ খান লিখেছেন, ‘কত স্মৃতি আপনার সঙ্গে, কীভাবে ভুলব? না-ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা সুলতানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য দোয়া কামনা করছি।’

নায়ক অমিত হাসান লিখেছেন, ‘অঞ্জনা আপু আর দেখা হলো না। না-ফেরার দেশে আল্লাহ আপনাকে ভালো রাখুন, আমিন।’

অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধরে রাখতে পারলাম না তোমাকে। জানি না কতটা কষ্ট নিয়ে চলে গেছো। তোমার আত্মাটা যেন শান্তি পায় সেই দোয়াটা থাকল, অঞ্জনা আন্টি তুমি ভালো থেকো যেখানেই থাকো।’

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি লিখেন, ‘তোমার কথা অনেক মনে পড়বে আন্টি। অনেক ভালোবাসি তোমাকে।’

নায়িকা পূজা চেরি লিখেছেন, ‘ভেতরটা ধুক করে উঠল। ভালো থাকবেন আপনি যেখানেই থাকুন।’

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘না-ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা রহমান। শোক ও শ্রদ্ধা আপনার জন্য।’

উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইসে/লাল লাল নীল নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইসে। আশা ফুরানোর আগেই আপনার জীবন ফুরিয়ে গেল, নয়ন জুড়ানোর আগেই আপনার নয়ন বন্ধ হয়ে গেল! আপনি চলে গেলেন আমাদের ছেড়ে। আমার বাবার পরিচালিত জিঞ্জির, আনারকলি এবং অংশীদার এ তিন তিনটি সুপারহিট চলচ্চিত্রের অভিনেত্রী হয়ে আপনি ছিলেন আমার বাবা-মার অতি আপন তথা আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। এরপর আমার কর্মজীবনে কত শত অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হওয়া, একসঙ্গে কাজ করার সৌভাগ্য, সবই স্মৃতি হয়ে গেল! কোনো মৃত্যুই কাম্য নয়! কিন্তু প্রবীণ হয়েও এত উচ্ছল, চঞ্চল, আনন্দদায়ক নবীন প্রাণের অকালপ্রয়াণ মেনে নেওয়া ভীষণ কষ্টকর! এ রকমই প্রাণোচ্ছল কাটুক আপনার পরপার জীবন আমার প্রিয় অঞ্জনা আন্টি।’

সংগীতশিল্পী মিলা লিখেছেন, ‘না-ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই দেখা হয়েছে অঞ্জনা আন্টি আমার হাতটা শক্ত করে ধরে বলতেন মিলা গান থামিও না, তোমার মতো আরেকটা মিলা নাই আমাদের। একজন অভিভাবক হারালাম।’

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ শোক জানিয়ে লিখেন, ‘অঞ্জনা আন্টি, আল্লাহর কাছে দোয়া করছি, মহান আল্লাহতায়ালা যেন আপনাকে কষ্ট কমিয়ে দেন। আমিন।’

নায়িকা অরুণা বিশ্বাসও শোক জানিয়েছেন। তিনি নিজের ফেসবুকে লেখেন, ‘অঞ্জনা দি এ কেমন চলে যাওয়া?? শ্রদ্ধা জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা