প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১২:১১ পিএম
‘রিকশা গার্ল’ সিনেমার দৃশ্য
অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’। ২০১৯ সালে সিনেমাটির কার্যক্রম শুরু হয়। শুটিংও শেষ হয় নির্ধারিত সময়ে। এরপর ২০২০ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। নির্মাণ সম্পন্ন হওয়ার পর দেশ ও দেশের বাইরের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয় সিনেমাটি। তবে এবার মুক্তির আশা দেখছে ছবিটি। নির্মাতা অমিতাভ রেজা নিজেই জানিয়েছেন, দেশের দর্শকের জন্য আসছে জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
এর আগে দেশে সিনেমাটি একাধিকবার মুক্তির তারিখ জানান অমিতাভ রেজা। পরবর্তী সময়ে এটি আর দেশে মুক্তির মুখ দেখেনি। এবার মুক্তির নতুন সময় উল্লেখ করে এ নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘আমি সিনেমা নির্মাণ করি দর্শককে দেখানোর জন্য। এ সিনেমাটি এরই মধ্যে দেশের বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার আমি এটি দেশের মানুষকে দেখাতে চাই। সে জায়গা থেকে আমরা জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা করেছি। তারিখ এখনও ঠিক হয়নি। তবে সামনের বছর এটি প্রেক্ষাগৃহে আসবে এ বিষয়ে আমরা নিশ্চিত।’
এদিকে নতুন বছরের কাজ নিয়ে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। করছেন নতুন একটি ওয়েব সিরিজ। যার শুটিংয়ে বর্তমানে ঢাকার বাইরে আছেন তিনি।
রিকশা গার্ল ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের উপন্যাস থেকে নির্মাণ করেছেন অমিতাভ রেজা। এর গল্পে দেখানো হয়েছে শিল্পীমনা নারী নাঈমার গল্প। যার ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে নাঈমা রাস্তায় রিকশা নিয়ে বের হন। তাকে সম্মুখীন হতে হয় নানা জটিলতার। রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।