প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:১৬ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:১৭ পিএম
শ্যাম বেনেগাল। ছবি: সংগৃহীত
প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শ্যাম বেনেগাল।
শ্যাম বেনেগালের মৃত্যুর কথা ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে নিশ্চিত করেছেন পরিচালকের মেয়ে পিয়া বেনেগাল।
ভারতীয় সিনেমার কিংবদন্তী শ্যাম বেনেগালের নির্মিত একাধিক কালজয়ী সিনেমায় মুগ্ধ হয়েছেন আবালবৃদ্ধবণিতা। অঙ্কুর, নিশান্ত, মন্থন থেকে শুরু করে ভূমিকা, ওয়েলকাম টু সজ্জনপুর তারই সৃষ্টি। ২০২৩ সালে তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’।
পিয়া জানিয়েছেন, ১৪ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন তার বাবা। শাবানা আজমি তার প্রোফাইলে সেই ছবি পোস্টও করেছিলেন।
ওই অনুষ্ঠানে ছিলেন কুলভূষণ খারবান্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত-সহ আরও অনেকে। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন শ্যাম বেনেগাল। ১৯৯১ সালে পান পদ্মভূষণ।
১৯৩৪ সালে ১৪ ডিসেম্বর হায়দরাবাদে জন্মগ্রহণ করেছিলেন শ্যাম বেনেগাল। দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। ১৮টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন তিনি।
শ্যাম বেনেগালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের এমপি শশী থারুর।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও শ্যাম বেনেগালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। নেহরুর দ্য ডিসকভারি অব ইন্ডিয়া’র ভিত্তিতে শ্যাম বেনেগালের তৈরি ‘ভারত এক খোঁজ’ এবং ‘সংবিধান’ সিরিজের উল্লেখ করেছেন তিনি স্মৃতিচারণায়।