প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩ এএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফারিণ ও পাভেল
গত শুক্রবার রাজধানীর জিন্দা পার্কে শুটিং করতে গিয়ে একসঙ্গে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেখানে নির্মাতা কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং করছিলেন তারা। একটি ড্রাইভিং দৃশ্যের শুট করার সময় স্কুটি থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে নির্মাতা অমি গতকাল রাতে এক ফেসবুক পোস্টে জানান, অপূর্ব খুব বেশি ইনজুরড না হওয়ায় চিকিৎসার পর বাসায় ফিরে গেছেন। কিন্তু এখনও হাসপাতালে আছেন পাভেল ও ফারিণ।
হাসপাতালের বিছানায় ফারিণ ও পাভেলে শুয়ে থাকা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে নির্মাতা লিখেছেন, ‘খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্যের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। অপূর্ব ভাই আল্লাহর রহমতে বড় কোনো ইনজুরড হয়নি, কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুরড।’
অমি আরও বলেন, ‘ডাক্তার জানান খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবেন। ওদের জন্য সবাই দোয়া রাখবেন, যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি আর করছি, সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের প্রতি, যারা আমার ওপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে।’
আসন্ন ওয়েব কন্টেন্টটির প্রসঙ্গ টেনে অমি বলেন, ‘হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে কীভাবে বাকি কাজ সুন্দর করে শেষ করা যাবে। প্রতিটি ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’