প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১০:৪০ এএম
ভারতের পর পাকিস্তানেও মুক্তি জটিলতায় ‘দরদ’
দেশের প্রেক্ষাগৃহে ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান মুভি ‘দরদ’। এটি শাকিব খান ও পরিচালক অনন্য মামুনের প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় ছবি। যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কানাডাসহ প্রায় ২০ দেশে দরদ মুক্তি পেলেও খোদ ভারতে এখনও মুক্তি পায়নি ছবিটি। যদিও ছবিটি মুক্তির আগে নির্মাতা অনন্য মামুন জোর দিয়ে বলেছিলেন, ভারতসহ সারা বিশ্বেই একযোগে মুক্তি পাবে সিনেমাটি।
পরে বাংলাদেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি না পাওয়ার ব্যাখ্যা দিয়েছিলেন অনন্য মামুন। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে মুক্তির দুই সপ্তাহ পরে দরদ ভারতে মুক্তি পাবে। এর কারণ মূলত পাইরেসি। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য জায়গায় দরদ মুক্তি পেয়েছে। কেবল একটি দেশেই মুক্তি পায়নি এটা বড় কোনো বিষয় নয়।’
তবে বাংলাদেশে মুক্তির তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনও ভারতে মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে তা-ও সংশ্লিষ্ট কেউ জানাতে পারেননি। বর্তমান প্রেক্ষাপটে ভারতে দরদ আদৌ মুক্তি পাবে কি না তা নিয়েও রয়েছে সংশয়।
ভারতে ছবিটির মুক্তি নিয়ে জানতে চাইলে দরদ নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারব।’
অন্যদিকে পাকিস্তানেও মুক্তি নিয়ে জটিলতায় পড়েছে দরদ। বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে এখনও প্রদর্শিত হচ্ছে দরদ। এর মধ্যে গত সপ্তাহে জানা জায়, ছবিটি পাকিস্তানেও মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু গতকাল থেকে শোনা যাচ্ছে, এখনই পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘দরদ’।
কারণ হিসেবে জানা গেছে, যে পরিবেশক প্রতিষ্ঠানের মাধ্যমে পাকিস্তানে দরদ মুক্তি পাওয়ার কথা ছিল, সে প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছবির প্রিভিউ কপি দেখার পর দেশটিতে ছবিটি প্রদর্শনে অনীহা প্রকাশ করেন। তবে পরিচালক অনন্য মামুন জানান, এ পরিবেশক না নিলে অন্য পরিবেশকের মাধ্যমে ছবিটি পাকিস্তানে মুক্তি দেওয়া হবে।
জানা যায়, বাংলাদেশে সাফল্য পাওয়ার পর দরদ পাকিস্তানেও মুক্তির উদ্যোগ নেওয়া হয়। দরদ টিমের পক্ষ থেকে পাকিস্তানের একটি পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ছবিটির ট্রেলার এবং গান পাঠাতে বলেন। সঙ্গে ছবিটির একটি প্রিভিউ কপিও পাঠাতে বলেন। পরে তাদের কথামতো ট্রেলার, গান ও প্রিভিউ কপি পাঠানো হয়। পরিবেশক প্রতিষ্ঠান প্রিভিউ কপি দেখার পর জানায়, ‘পাকিস্তানি দর্শক যে ধরনের ছবি দেখতে চায়, এ ছবি আমাদের সে লক্ষ্য পূরণ করতে পারবে না। তবে আমরা বাংলাদেশের ছবি চালাতে চাই।’
দরদ ছবির গল্প আবর্তিত হয়েছে শাকিব খান ঘিরে। এ ছবিতে তিনি দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান, এ ছবিতে তার অভিনীত চরিত্রের নাম ফাতেমা। সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া ছবির অন্য চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব, পায়েল সরকার প্রমুখ। ছবিটির প্রযোজক এসকে মুভিজ, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।