বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৪:১৩ পিএম
দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। দর্শকদের কাছে সাই মানেই যেন একরাশ কোঁকড়া চুল ও শুভ্রতা। যার স্নিগ্ধ মুখখানা দেখলে মনে আসে অন্যরকম প্রশান্তি। তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় অভিনয় করে সবার নজরে আসেন সাই। এটি ছিল নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা।
৩০ বছর বয়সী সাই এখন দক্ষিণের ভার্সেটাইল অভিনেত্রী। তিনি ইন্ডাস্ট্রির বাকি তারকার চেয়ে একেবারেই আলাদা। কখনো খোলামেলা পোশাকে দেখা যায়নি তাকে। নিজের অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। অভিনেত্রী ছাড়াও তার আরও এক পরিচয় আছে আর সেটি হলো তিনি একজন ডাক্তার। জর্জিয়াতে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
ভালো লাগার জায়গা থেকে অভিনয়ে নাম লেখান। যার জন্য ডাক্তারি পেশায় ঠিকমতো সময় দিতে পারেননি। তবে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির বাতাসে গুঞ্জন যে সিনেমাকে বিদায় জানাচ্ছেন সাই!
টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রতিষ্ঠিত সাই পল্লবী। তারপরও অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সাই পল্লবী একজন ডাক্তার। জর্জিয়াতে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। ভালো লাগার জায়গা থেকে অভিনয়ে নাম লেখান। যার জন্য ডাক্তারি পেশায় নিজের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারেননি। এ পেশার প্রতি সুবিচার করতে নিজেই একটি হাসপাতালও প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন।
সেই সূত্রে আরও জানা যায়, ‘দীর্ঘদিন চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন সাই পল্লবী। তাই এখন মেডিক্যাল পেশার প্রতি সুবিচার করতে চান তিনি। যার জন্য তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নিজে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছেন। সাই পল্লবী এবং তার ছোট বোন পূজা হাসপাতালের দেখাশোনা করবেন। হাসপাতাল প্রতিষ্ঠার পর এই পেশার প্রতি মনোযোগ দিতে চান সাই পল্লবী। যার জন্য গুঞ্জন উড়ছে, অভিনয় ছেড়ে দেবেন তিনি।’
এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। গত ১৫ জুলাই মুক্তি পায় তামিল ভাষার এ সিনেমা। এ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি সাই পল্লবী। যার রেশেই গুঞ্জন আরও উসকে উঠেছে। এখন সময়ই বলে দেবে কোন পথে হাঁটবেন সুপারস্টার সাই পল্লবী।