প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ০৮:৪৬ এএম
রটারডেমে যাচ্ছে ‘কাজলরেখা’
গেল ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। মুক্তির প্রায় আট মাস পর সিনেমাটি নিয়ে সুখবর দিলেন নির্মাতা। বিশ্বের অন্যতম প্রাচীন উৎসব নেদারল্যান্ডসের রটারডেম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে কাজলরেখা। উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে এটি নির্বাচিত হয়েছে। ৪০০ বছর আগে বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
উৎসবে যাওয়া প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘রটারডেম ফিল্ম ফেস্টিভ্যাল এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে বেশি প্রাধান্য দেয়, মৈমনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে এই সময়ে এসে লোকাল ফর্মে কীভাবে স্ক্রিনে হাজির করলাম সেটাই ওদের আগ্রহী করেছে। আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’
অন্য নির্মাতারা যখন সিনেমা নির্মাণের পর আন্তর্জাতিক নানা উৎসব ঘুরে দেশের বড়পর্দায় মুক্তি দেন, তখন উল্টোপথে হাঁটলেন সেলিম। ‘মনপুরা’ খ্যাত এ নির্মাতার সিনেমা প্রশংসিত ও জননন্দিত হলেও বিদেশের উৎসবের চেয়ে দেশের সিনেমা হলকেই সবার আগে প্রাধান্য দিয়েছেন।
এ প্রসঙ্গে সেলিম বলেন, ‘এটা ঠিক, দেশের বড়পর্দাকেই প্রাধান্য দিয়েছি বেশি তবে আমার মনপুরাও কিন্তু সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎসবে গিয়েছিল। পাপপূণ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় গিয়েছিল। কাজল রেখা তো মুক্তির দুই সপ্তাহ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ডিপার্টমেন্ট এটিকে কোর্স হিসেবে চালু করেছে, অনেক ছাত্রছাত্রী এর ওপর থিসিস করছেন। এসব কারণে আমি সব মিলিয়ে আনন্দিত।’
আগামী বছরের ৩০ জানুয়ারি শুরু হচ্ছে রটারডেম চলচ্চিত্র উৎসব। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিতে নেদারল্যান্ডস যাবেন গিয়াস উদ্দিন সেলিম, সিনেমার অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকেই।
এদিকে সিনেমায় কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এ ছাড়া আছেন শরিফুল রাজ, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমী, ইরফান সেলিম সুজন, ঝুনা চৌধুরীসহ অনেকে।
অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে উন্মুক্ত হয়েছে কাজলরেখা। দর্শক চাইলে ২০ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন করে সিনেমাটি দেখতে পারবেন।