প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১০:১৭ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১০:৪৮ এএম
এ আর রহমান ও সায়রা বানু। ছবি : সংগৃহীত
অস্কারজয়ী সংগীতশিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর একে অন্যকে ডিভোর্স দিয়েছেন তারা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সায়রার আইনজীবী বন্দনা শাহের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।
এদিকে বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন সায়রা বানু। জানিয়েছেন, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনেক মানসিক চাপের পরই এ সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন তারা। একে অন্যের অগাধ প্রেম থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে, যা আর এগোতে পারে না।
অনেক দুঃখ এবং বেদনায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে সায়রাকে। এ কঠিন সময়ে তিনি অন্তরালে থাকতে চান। সবাই যেন তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করেন, বিবৃতিতে এমন অনুরোধ জানিয়েছেন তিনি।
১৯৯৫ সালে বিয়ে হয় এ আর রহমান ও সায়রার। পরিবারের পছন্দের বিয়ে ছিল তাদের। এ দম্পতির ঘরে খাতিজা, রহিমা ও আমিন নামে তিন সন্তান রয়েছে।
এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ‘এ সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।’
অন্যদিকে এ আর রহমান লিখেছেন, তাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদ্যাপন করবেন। কিন্তু তা হলো না।