× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দিনেই ‘দুলু মিয়া’র রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ০৮:৩০ এএম

প্রথম দিনেই ‘দুলু মিয়া’র রেকর্ড

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকোথ্রিলার ঘরানার সিনেমাটির পরিচালক অনন্য মামুন। শুধু পরিচালনা নয়, ছবিটির কাহিনী, চিত্রনাট্যও তার। 

দীর্ঘদিন ধরে সিনেমা হলে বড় পরিসরের কোনো সিনেমা নেই। জুলাই অভ্যুত্থানের পর বড় কোনো সিনেমা হলে আসেনি। তাই শাকিব খানের দরদ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ছবির প্রচার ও ঠিক সময়ে গান প্রকাশ না পাওয়ায় দর্শকের যে মনঃকষ্ট ছিল তা-ও এখন আর চোখে পড়ছে না।

শাকিব খানের অন্য সব সিনেমা মুক্তির কয়েক মাস আগে থেকেই প্রচার শুরু হয়। কিন্তু দরদের বেলায় পুরো উল্টোপথ বেছে নিয়েছেন পরিচালক অনন্য মামুন। বলতে গেলে মুক্তির মাত্র চার দিন আগে প্রচার শুরু করেন পরিচালক। তাই ভক্তদের মধ্যে একটা শঙ্কা ছিল। কিন্তু ছবি হলে আসতেই শঙ্কা উড়িয়ে ছক্কা মারলেন শাকিব-মামুন জুটি। মুক্তির প্রথম দিনে অনেক হিসাব পাল্টে দিলেন ‘দুলু মিয়া’। মাল্টিপ্লেক্সগুলোয় প্রথম দিনেই রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বলে জানা গেছে।

প্রেক্ষাগৃহগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর মুক্তির প্রথম দিনের আয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে দরদ। প্রথম দিনেই ছবির টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকার। প্রথম দিনের আয়ের তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন যথারীতি শাকিব খানই। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি ২৯ লাখ ৬১ হাজার ও ঈদুল ফিতরের ছবি ‘রাজকুমার’ ১২ লাখ টাকার বেশি আয় করেছিল।

শাকিব খান সাধারণত ঈদের বাইরে তেমন একটা ছবি মুক্তি দেন না। নিজের কমপোর্ট জোন ভেঙে ঈদের বাইরে ছবি মুক্তি দিয়ে ছক্কা হাঁকানোকে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। বর্তমান পরিস্থিতিতে চলচ্চিত্রের জন্য এমন একটা ধামাকা খুবই প্রয়োজন ছিল বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।

ছবিটির পরিচালক অনন্য মামুন জানান, ‘দেশে শাকিব খানের চেয়ে বড় সুপারস্টার নেই। তার সিনেমা ভালো করবেই। আমাদেরও প্রত্যাশা ছিল সিনেমাটি ভালো করবে; কিন্তু এতটা ভালো ধারণা করিনি। প্রথম দিনেই সেল রেকর্ড করবে। আমি যেহেতু ছবিটির প্রযোজকদের একজন, তাই এটি নিঃসন্দেহে আমার জন্য আনন্দের, অনুপ্রেরণারও। আমরা বলেছিলাম, ঈদ ছাড়াও ছবিটি দর্শক ঠিকই দেখবেন, তা-ই ঘটেছে। বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে নিতেই এমন সময়েও আমরা ছবিটি মুক্তি দিয়েছি। কারণ অভ্যুত্থান-পরবর্তী কয়েক মাস দেশের মানুষ একটু ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ সিনেমা হলে আসবে কি না সংশয়ে ছিলাম। তবে ধারণা ভুল, হল ভিজিটে গিয়ে দেখি সব শ্রেণির দর্শকের উপচে পড়া ভিড়। এমনকি টিকিট পেলে কেউ কেউ দ্বিতীয়বারও ছবিটি দেখতেন বলে জানিয়েছেন। আমরা প্রযোজকরাও এবার আশায় বুক বাঁধতে পারি। কারণ প্রযোজকরা অনেক দিন থেকেই ছবি মুক্তি না দিয়ে অপেক্ষা করছিলেন। দরদ সাফল্য পেলে তাদের ছবি মুক্তির সাহসটা বাড়াবে।’

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ২৬, লায়ন সিনেমাসে ৮, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৪, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে ৩ এবং বগুড়ার মম ইনে ৩টি করে প্রদর্শনী চলছে দরদের। এ সিনেমা দিয়ে যাত্রা করা যশোরের মনিহার সিনেপ্লেক্সে ৫টি প্রদর্শনী চলছে। তবে দর্শকের আগ্রহ তুঙ্গে থাকায় সব সিনেপ্লেক্সই দরদের শো বাড়ানো হবে বলে জানা গেছে।

দরদ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমার গল্পে দেখা যায়, বারাণসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন। এ ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়া চরিত্রে হাজির হয়েছেন তারকা অভিনেতা শাকিব খান। ফাতিমা চরিত্রে সোনাল চৌহান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা