প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১০:০৬ এএম
জ্যাকুলিন ফার্নান্দেজ
আর্থিক জালিয়াতির অভিযোগে ২০১৫ সালে গ্রেপ্তার হোন সুকেশ চন্দ্রশেখর। তখন থেকেই তিনি মান্ডোলি জেলে বন্দি; যিনি আবার বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমিক। কারাবাস থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকলিনকে প্রেমপত্র দিতেন তিনি। এমনকি প্রেমিকার জন্মদিনে প্রেম উজাড় করে দেওয়া উন্মাদনার কথাও অনেকেই জানেন। প্রেয়সীর জন্য এবার সরাসরি সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখলেন সুকেশ।
চিঠিতে নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ। ট্রাম্পকে ‘বড় ভাই’বলেও সম্বোধন করেছেন চিঠিতে। সঙ্গে ছিল প্রেমিকার জন্য একটি আর্জিও। ১০ বছর আগের স্মৃতির উল্লেখ করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটা প্রায় এক যুগ আগের কথা। আপনি একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন “এই পৃথিবী যেমন, তেমনভাবেই গ্রহণ করুন, বা আপনি যেভাবে দেখতে চান, সেভাবেই দেখুন”। সেই কথাগুলো আমার কানে আবার বাজল। আমাকে এমন উৎসাহ, ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে ভালোবাসি ভাই।’
জ্যাকুলিনের জন্য হলিউডে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা করছেন সুকেশ। তার লেখায়, ‘আপনার অন্য আরেকটি উপদেশ মনে আছেÑ “আপনার নারীকে সর্বদা মর্যাদা দিন এবং তাকে সব সময় বিশেষ অনুভব করান”, আমি এলএস হোল্ডিংস লস অ্যাঞ্জেলেসে একটি বৃহৎ স্টুডিওতে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের শেয়ার কিনছি। আমি এ কেনাকাটা চূড়ান্ত করেছি আমার প্রেমিকা জ্যাকুলিনের জন্য, আপনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন, ঠিক সেভাবেইÑ “আপনার নারীকে বিশেষ করে তুলুন”।’