প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ০৮:৩৯ এএম
সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান
ব্যতিক্রমধর্মী সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। তার গানের রয়েছে আলাদা পরিচিতি, আলাদা দর্শক এবং আলাদা গ্রহণেযোগ্যতা। গানকে তিনি শুধু বিনোদনের উপলক্ষ হিসেবে রেখে দেননি কখনোই। তার গানে উঠে এসেছে সমাজ, রাজনীতি, বৈষম্য ও হৃদয়ের গভীর ক্ষতের চিত্র। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে নিজের গানকেই বেছে নিয়েছেন এ শিল্পী।
গুণী এ শিল্পীকে নিয়ে ২২ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একক কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘গানে গানে সায়ান’ শীর্ষক আয়োজনটি করছে ‘আজব কারখানা’। ২ ঘণ্টার এ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা জানিয়েছে, এদিন সন্ধ্যায় ৬টায় শো শুরু হবে। ২ ঘণ্টার বেশি সময় ধরে গাইবেন সায়ান। বেশ কয়েক বছর পর তাকে কোনো একক শোতে পাওয়া যাবে।
কনসার্ট নিয়ে সায়ান বলেন, ‘অনেক অনেক দিন পর একটা একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেসব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা–আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই সেই আসরে। আপনাদের সঙ্গ সব সময়ই আমার শক্তি। এমন আয়োজনের জন্য আজব কারখানাকেও ধন্যবাদ।’
গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একক শো করেছেন সায়ান। এরপর দেশে আর কোনো একক শো করেননি তিনি।
‘আবরার ফাহাদ’ থেকে ‘আমার নাম প্যালেস্টাইন’ কিংবা ‘কালো মানুষ’Ñ বাংলাদেশ ছাপিয়ে বিশ্বজুড়ে চলা অন্যায়ের প্রতিবাদে গান করেছেন তিনি।
প্রতিবাদের গানের পাশাপাশি ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধু’, ‘মুখোশ’, ‘ফিরতে ঘরে ভয়’-এর মতো প্রেম ও বিরহের গানও করেছেন তিনি।
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডটকমে। তিন ধরনের টিকিটের মূল্য ৫০০, ৭০০ ও ১০০০ টাকা।