প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ০৮:৫৮ এএম
ওপার বাংলার সুপারস্টার জিৎ ও ঢালিউড নায়ক শরীফুল রাজ। ছবি : সংগৃহীত
ঘটা করে ঘোষণা এসেছিল ‘লায়ন’ ছবিটির। ওপার বাংলার সুপারস্টার জিৎ ও ঢালিউডের পরীক্ষিত নায়ক শরীফুল রাজকে নিয়ে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা রায়হান রাফি। ভারতের বড় প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মসের সঙ্গে বাংলাদেশের আরও দুই প্রোডাকশন হাউসকে যুক্ত করে বড় পরিসরে কাজটি করার কথা ছিল।
ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি। নিজেকে ছাড়িয়ে যেতে ভালোবাসেন তিনি। নির্মাণে মুন্সিয়ানার প্রমাণ দিয়েছেন ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ সিনেমা দিয়ে। প্রতিবারই নিজেকে ভেঙেছেন। নির্মাণ, গল্পের বৈচিত্র্যে দর্শকদের কাছে সাফল্যের নাম হয়ে উঠেছেন রাফি। এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন। রাফি মানেই ভিন্ন কিছু হবে, এমনই ধরে নিয়েছিলেন ঢালিউডের দর্শকরা। তাই তার বিগ স্টার ও বিগ বাজেটের ‘লায়ন’ ছবির ঘোষণায় নড়েচড়ে বসেছিলেন তারা। কলকাতার গণমাধ্যমে বিষয়টি চাউর হলে, পরে দেশের গণমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে রাফি তখন বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গে সুপারস্টার জিৎকে নিয়ে বিগ বাজেটের লায়ন নির্মাণ করছি। এ সিনেমায় ঢাকার শরীফুল রাজও থাকবেন। পুরোপুরি অ্যাকশন বেজ হবে এ সিনেমা। শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরে। এখন সেই প্রস্তুতিই নিচ্ছি।’
তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন খবর। ডিসেম্বর প্রায় চলে এলেও ‘লায়ন’ সিনেমার শুটিং শুরু হওয়ার তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। আসছে না সিনেমাটি নিয়ে নতুন কোনো আপডেটও। সম্প্রতি সিনেমাটির বর্তমানে কী অবস্থায় জানতে ভারতের অংশের প্রযোজক শ্যাডো ফিল্ম সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে তো নয়ই, আপাতত ‘লায়ন’ সিনেমার শুটিংই শুরু হচ্ছে না।
কী কারণে ‘লায়ন’ সিনেমার শুটিং থমকে আছেÑ জানতে চাইলে তিনি জানান, ‘লায়ন সিনেমাটি হবেই। আমরা হয়তো একটু সময় নিয়ে কাজটি করতে চাইছি। কেননা আমার সকল কাজ থেকে এটিই হবে সবচেয়ে বড় পরিসরের। তাই সবকিছু ঠিক করতে সময় লাগছে। আশা রাখছি ২০২৫ সালেই সিনেমাটি মুক্তি দিতে পারব।’
তবে কলকাতার প্রযোজক শ্যাডো ফিল্মের সূত্রমতে, আগামী রোজার ঈদে ‘লায়ন’ মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে রাফির ঘনিষ্ঠজনদের থেকে জানা গেছে, তিনিও আসছে রোজার ঈদের জন্য এরই মধ্যে অন্য একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।