প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ০৮:৫৭ এএম
শবনম ফারিয়া
১০ বছরের বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। একসময় নাটকে নিয়মিত কাজ করলেও এখন বেছে বেছে কাজ করেন। অভিষেক হয়েছে ওয়েব ফিল্মেও। ‘দেবী’ নামের সরকারি অনুদানের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। সিনেমা করে প্রশংসিত হলেও পরবর্তী সময়ে নতুন আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। ছোটপর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। তবে এবার ভিন্ন পরিচয়ে হাজির হচ্ছেন ফারিয়া। কমেডি রিয়েলিটি শো ‘হা শো’র সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।
হা শোর নতুন সিজনে শবনম ফারিয়ার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন চিত্রনায়ক আমিন খান ও অভিনেতা তুষার খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করতে দেখা যাবে আবু হেনা রনিকে।
প্রথমবার এমন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন, ‘নতুন কিছু করতে সব সময়ই ভালো লাগে। সেই ভাবনা থেকে হা শোর সঙ্গে যুক্ত হওয়া। আশা করছি, জমজমাট এক আসর হবে। এ ছাড়া দুজন গুণী অভিনেতার সঙ্গে বিচারকের কাজ করার সুযোগ পাচ্ছি, এটাও আনন্দের।’
রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে মূল পর্বের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এনটিভির স্টুডিওতে চলছে পর্বগুলো রেকর্ডিংয়ের কাজ। পর্যায়ক্রমে নির্বাচিত ছয় প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা। প্রথম রানার-আপ পাবেন ৩ লাখ টাকা। এ ছাড়া সেকেন্ড রানার-আপের জন্য থাকছে ২ লাখ টাকা। শিগগিরই এনটিভিতে শুরু হবে হা শোর সপ্তম সিজনের প্রচার।