প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১১:২২ এএম
‘বাণীশান্তার গল্প’ তথ্যচিত্রের একটি দৃশ্য
খুলনার মোংলায় অবস্থিত বাণীশান্তা দ্বীপের যৌনকর্মীদের নিয়ে নির্মাতা শাহাদাত হোসেন নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘বাণীশান্তার গল্প’। জার্মানির ৫৮তম হফ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে গতকাল প্রদর্শিত হয় তথ্যচিত্রটি। ফেস্টিভ্যালে আগামীকালও এর আরও একটি প্রদর্শনী রয়েছে। উৎসবের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়।
সারা বছরই অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে কাটে বাণীশান্তা দ্বীপের যৌনকর্মীদের জীবন। খারাপ আবহাওয়া ও পরিবেশের নানা বিপর্যয় অতিক্রম করে তারা বেঁচে থাকেন বাণীশান্তা যৌনপল্লীতে। তিন বছরের বেশি সময় ধরে দ্বীপের কয়েকজন যৌনকর্মীকে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে তথ্যচিত্রটি, এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন নির্মাতা শাহাদাত হোসেন।
বাণীশান্তার গল্প প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখানকার নারীদের জীবনযাপন যে কতটা শোচনীয়, তা বলার মতো না। তথ্যচিত্রে এদের এমন দুর্বল জীবনযাপন তুলে ধরা হয়েছে, যেখানে তাদের দৈনন্দিন পেশার চাহিদা, সংকট এবং বাণীশান্তার ক্রমাগত পরিবর্তনশীল জলবায়ু চিত্রিত হয়েছে। নারীর আবেগ-অনুভূতি, পারস্পরিক সহাবস্থান যেমন চিত্রিত হয়েছে, তেমন দ্বীপের চারপাশে থাকা প্রাকৃতিক দৃশ্য, প্রবহমান নদীর পাশ ঘেঁষে পতিতালয়ে বসবাসের চরম চাপও তুলে ধরা হয়েছে।’