প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ০৯:৫৯ এএম
জিয়াউল ফারুক অপূর্ব
দীর্ঘ দুই দশক ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। টেলিভিশন নাটক কিংবা হালের ওটিটি মাধ্যম, দুই জায়গায়ই চুটিয়ে কাজ করছেন। দর্শকের কাছে রয়েছে তার আকাশসম জনপ্রিয়তা। নাটক হোক আর ওয়েব ফিল্ম, অপূর্ব মানেই সুপার-ডুপার হিট। যার প্রমাণ তিনি বহুবার দিয়েছেন।
দুই দশকের ক্যারিয়ারে একটি মাত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন অপূর্ব। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিতে অভিনয় করেছেন। যদিও তার প্রথম সিনেমাটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তার পর থেকে বড়পর্দায় এখনও অনুপস্থিত অপূর্ব।
দেশের প্রেক্ষাগৃহে না থাকলেও আসছে ডিসেম্বরে কলকাতার বড়পর্দায় মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘চালচিত্র’। প্রথমবারের মতো অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমায়। ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন প্রতিম ডি গুপ্ত। সেখানে অপূর্ব জুটি বেঁধেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা রাইমা সেনের সঙ্গে।
সিনেমাটিতে অভিনয় করা নিয়ে অপূর্ব বলেন, ‘ডিসেম্বরে আমার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে কলকাতায়। আমার বিশ্বাস কলকাতার দর্শক সিনেমাটি দেখবেন। কলকাতার দর্শক ইউটিউবের কল্যাণে ইতোমধ্যে আমার অভিনীত অনেক নাটক ও ওয়েব সিরিজ দেখেছেন। আমার অভিনয়ের প্রশংসাও তারা করেছেন। এটা অবশ্যই ভালো লাগার বিষয়। জেনে অবাক লাগে যে, সেখানেও আমার ভক্ত-সমর্থক রয়েছেন।’
এদিকে সম্প্রতি ঘোষণা এসেছে শিগগিরই কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ নামে নতুন ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন অপূর্ব।ওয়েব ফিল্মে তার বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। ভালোবাসা দিবসে এটি প্রচার হতে পারে।
লম্বা সময় ধরে শীর্ষে থেকে কাজ করাটা কঠিন বলে মনে করেন অপূর্ব। নিজের ক্যারিয়ার নিয়ে তার বক্তব্য, ‘দর্শকই আমাদের সব। তাদের কথা মাথায় রেখেই কাজ করি। তাই দর্শকের কাছাকাছি থাকতে পারছি। আমি আমার দর্শকের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।’
দীর্ঘ অভিনয় জীবনে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কি?
এ প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, ‘কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। নিজেকে নিজের প্রতিযোগী মনে করি। সবাই আমার কলিগ। একই পরিবার আমরা। একসঙ্গে কাজ করি। কেউ বন্ধু, কেউ ভাই। এর বেশি না। সবাই শিল্পী। এখানে প্রতিযোগিতা হবে নিজের সঙ্গে, অন্যের সঙ্গে নয়।’
অভিনয়ের প্রতি দায়বদ্ধতা বিষয়ে তার ভাষ্য, ‘শিল্পের প্রতি, অভিনয়ের প্রতি আমার দায়বদ্ধতা ও ভালোবাসা অনেক।
ভালোবাসা ও দায়বদ্ধতা আছে বলেই এখনও খুব ভালোভাবে অভিনয় করে যাচ্ছি।’