বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৪:০৯ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ১৪:৪০ পিএম
দেখতে দেখতে দুই বছর পার করে দিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কমিটি। এখানে সভাপতি পদে আছেন সোহানুর রহমান সোহান। তার সঙ্গে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শাহীন সুমন। এবার নতুন কমিটির অপেক্ষায় পরিচালকরা। প্রস্তুতি চলছে নির্বাচনের।
আপাতত জানা গেল, চলচ্চিত্র পরিচালকদের স্বার্থ সংরক্ষণে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ৩০ ডিসেম্বর। সেদিন শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিনে এফডিসিতেই বসবে পরিচালকদের মিলনমেলা।
২০২৩-২৪ মেয়াদের জন্য এ নির্বাচনে ১৫ নভেম্বর পরিচালক সমিতি থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে থাকবেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।
পরিচালক সমিতির আসন্ন নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থী হবেন নির্মাতারা। একটি প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব প্রার্থী হচ্ছেন জাকির হোসেন রাজু। একই প্যানেলে সহসভাপতি পদে লড়বেন ছটকু আহমেদ এবং উপমহাসচিব পদে অপূর্ব রানা।
অন্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ। তার প্যানেল থেকে মহাসচিব প্রার্থী শাহীন সুমন।
পরিচালক সমিতি সূত্রে জানা গেল, ৫ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র কেনা শুরু হবে, জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে।
শাহীন সুমন নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘কাজী হায়াৎ ভাইয়ের সঙ্গে নির্বাচন করছি এবার। তিনি আমাদের সবার অভিভাবক। তিনি সেই ব্যক্তিত্ব যিনি যেকোনো জায়গায় গিয়ে কথা বলতে পারেন। তবে আমরা এবার সর্বপ্রথম যেটা করব সেটা পরিচালকদের আবাসনের ব্যবস্থা।
প্রতিটি সেক্টরের ক্রিম মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হলেও পরিচালকদের নেই। আমরা এটা সবার আগে ফোকাস করব।’
এদিকে আরেক প্যানেলের মহাসচিব প্রার্থী জাকির হোসেন রাজু অভিযোগ করেন, গেল ১০ বছরে অনেক নেতৃত্ব এলেও তেমনভাবে বলার মতো কাজ করেননি কেউ। ‘আমরা পরিচালকদের কাজ বৃদ্ধি ও মর্যাদা বাড়ানোর দিকে মনোযোগ দিতে চাই’, দাবি করেন ‘জীবন সংসার’ খ্যাত এই নির্মাতা।
এদিকে পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহানের আবারও একই পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা শোনা গেলেও সম্প্রতি তিনি জানান, নির্বাচনে অংশ নেবেন কি না এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
নির্বাচন ঘিরে এফডিসিতে এরই মধ্যে জমে উঠেছে আলোচনা। প্রতিদিনই সদস্যরা আসছেন। আড্ডা-আলোচনায় নিজেদের প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। তবে শেষ হাসি কে হাসবেন তা জানতে ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।