প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৮:২৪ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৯:০০ পিএম
আফরান নিশো। ছবি : সংগৃহীত
‘দাগী’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড়পর্দায় দেখা যাবে আফরান নিশোকে। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ গত বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল।
কয়েক দিন আগে পরিচালক সমিতিতে দাগী সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে। চলতি বছরের শুরুতে ভারতের এসভিএফের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনার ঘোষণা দেয় আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নিশো।
তার একটি পরিচালনা করছেন শিহাব শাহীন। সিনেমাসংশ্লিষ্ট অনেকেই বলছেন, দাগীর শুটিং শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। 'দাগী' তার দ্বিতীয় সিনেমা এবং আফরান নিশোরও দ্বিতীয় সিনেমা।
ইতোমধ্যে শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, প্রথমে বিজ্ঞাপনচিত্র, এরপর নাটক তারপর সিনেমা; অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ার গ্রাফটা এমনই। প্রায় একযুগ ছোটপর্দায় কাজ করে গেল বছর ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হন তিনি। রায়হান রাফির পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়। এরপর আড়ালে যান নিশো। বিজ্ঞাপনচিত্র ছাড়া তাকে কোনো কাজে পাওয়া যায়নি।