প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ০৮:৩১ এএম
ছবি : সংগৃহীত
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত শুক্রবার আবার খুলেছে জাতীয় নাট্যশালা মিলনায়তন। দিনে দিনে দর্শকের উপস্থিতিতে প্রাণ ফিরে পাচ্ছে শিল্পকলা একাডেমি। যদিও এখনও সীমিত পরিসরে খুলেছে নাট্যশালা ও মহড়াকক্ষ। খোলার পর প্রথমেই আয়োজন করা হয়েছে লালন উৎসব।
আজ ১৭ অক্টোবর লালনের ১৩৪তম তিরোধান দিবস। দিবসটিকে ঘিরে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানায়, তিন দিনব্যাপী আয়োজনের প্রথম দিন আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হবে ‘আশাসিন্ধু তীরে’। শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী গানে-তত্ত্বে লালনকে উপস্থাপন করবেন। সভাপতি হিসেবে অনুষ্ঠানে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ থাকবেন প্রধান অতিথি হিসেবে। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান হিসেবে ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করা হবে সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। সেখানে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান স্বাগত বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
উৎসবের তৃতীয় দিন ১৯ অক্টোবর সাজানো হবে দুই পর্বে। প্রথম পর্বে বিকেল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত হবে আলোচনা অনুষ্ঠান ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আবদুল হালিম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আ-আল মামুন।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’ শীর্ষক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবেন দেশবরেণ্য সব শিল্পী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন।