× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমায় আরিয়ান, সঙ্গী সিয়াম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ০৮:২৬ এএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ০৮:২৭ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাট্যাঙ্গনে রোমান্টিক নির্মাতা হিসেবে অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত তিনি। টিভিনাটকে প্রেমের গল্প ফুটিয়ে তোলায় বিশেষ খ্যাতি রয়েছে তার।

উপহার দিয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস, অ্যাংরি বার্ড, কথোপকথন, ব্যাচ ২৭, বুকের বাঁ পাশের মতো অসংখ্য রোমান্টিক নাটক। ২০১৭ সালে তো টেলিছবি ‘বড় ছেলে’ বানিয়ে নাট্যপাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। কুড়িয়েছিলেন ব্যাপক প্রশংসা।

ছোটপর্দায় দাপিয়ে বেড়ানো আরিয়ান এবার আসছেন বড়পর্দায়। অনেক দিন ধরে মিডিয়াপাড়ায় গুঞ্জন চলছিল, বড়পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বড়পর্দার জন্য ছবি নির্মাণের পূর্বাভাস দিয়েছিলেন জনপ্রিয় এ নির্মাতা। এবার সেটাই সত্যি হতে চলেছে। নিজের চেনা জগৎ, অর্থাৎ পিওর রোমান্টিক গল্প নিয়ে সিনেমা বানাবেন তিনি। এখন পর্যন্ত জানা গেছে, ছবিটিতে নায়ক হিসেবে থাকবেন সিয়াম আহমেদ। যদিও নির্মাতা-নায়ক কেউই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনেনি। তবে ইঙ্গিত দিয়ে রেখেছেন। আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি।

রায়হান রাফীর রোমান্টিক ছবি ‘পোড়ামন ২’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় সিয়ামের। প্রথম ছবিতে রোমান্টিক নায়ক হিসেবে দর্শকও গ্রহণ করে নেয় তাকে। তারপর অভিনয় করেছেন নানা চরিত্রে, করেছেন কিছু অ্যাকশন সিনেমাও। এ ছবি দিয়ে সিয়ামও কামব্যাক করবেন তার পুরোনো প্যাভিলিয়নে।

আরিয়ানের সঙ্গে কাজের বিষয় নিয়ে জানতে চাইলে সিয়াম নিশ্চিত করে কিছু না বললেও আলোচনা চলছে বলে জানান। সিয়াম বলেন, ‘মিজানুর রহমান আরিয়ানের নাটক-ওয়েব ফিল্মে আগেও কাজ করেছি। তিনি খুবই মেধাবী এবং গুছিয়ে কাজ করেন। তার কাজের মান সম্পর্কে আমরা সবাই জানি। তার সঙ্গে বড়পর্দায় কাজ করাটা হবে বিশেষ কিছু। তার প্রথম সিনেমায় আমার নায়ক থাকা নিয়ে বলব, ব্যাটে-বলে মিলে গেলে অবশ্যই সব জানতে পারবেন। এবং সেটা খুব শিগগিরই হবে।’

সিনেমাটি নিয়ে আরিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। জানিয়েছেন, সময় হলে সবাইকে জানানো হবে। সব চূড়ান্ত হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। তবে নায়ক ও নির্মাতা কেউই বিষয়টি অস্বীকার করেননি।

শুধু ছোটপর্দায় নয়, ওটিটিতেও রয়েছে আরিয়ানের দুর্দান্ত কিছু কাজ। নেটওয়ার্কের বাইরে, উনিশবিশ ও পুনর্মিলন ওয়েব ফিল্ম তার নির্মাণসামর্থ্যেরই প্রমাণ। বর্তমানে সিনেমা হলে অ্যাকশন-থ্রিলার গল্পের ভিড়ে রোমান্টিক গল্প নিয়ে আরিয়ান বাজিমাত করতে পারেন বলে মনে করেন সিনেমাবোদ্ধারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা