× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুঞ্জনই সত্যি হলো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ০৮:৩৩ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

বাংলাদেশের পরিচালকের ছবিতে জিৎÑভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এ খবরে এখানকার সিনেমাপ্রেমীদের মনে উৎসবের আমেজ। ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন গ্রুপে লেখনীর মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফী টলিউড সুপারস্টারকে নিয়ে ‘লায়ন’ বানাবেন।

কয়েক মাস আগে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা দেখে রাফীর ওপর আস্থা রেখেছেন জিৎ। তার পরিচালনার ধরন ভালো লেগেছে জিতের। সুপারস্টারের কথায়, ‘আমি ওর (রাফী) তুফান দেখেছি। ভালো লেগেছে। শাকিব খান দারুণ কাজ করেছেন। রাফীর পরিচালনার স্টাইল আমার পছন্দ হয়েছে।’

জানা যায়, তুফান মুক্তির পর জিতের সঙ্গে দেখা করেছিলেন রাফী। তখন থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। মাঝে এ নিয়ে খবর চাউর হলেও কেউ মুখ খোলেননি। তবে এবার চুপ থাকতে পারেননি পরিচালক। তার কথায়, ‘আমি উচ্ছ্বসিত এ ছবিটা শুরু করছি বলে। জিত্‍দা সুপারস্টার। অনেক দিন ধরেই আমরা মিটিং করছিলাম। খুব ইন্টারেস্টিং কিছু করতে চাইছি। এমন কিছু করব যেটা জিত্‍দা আগে করেননি। আমিও বরাবর চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। বাংলা ছবিকে নতুন মাত্রা দিতে চাই।’

অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিটির ৬৫ শতাংশ শুটিং হবে সমুদ্রে। গল্প নিয়ে খোলাসা করতে চাইলেন না রাফী। বলেন, ‘এ ছবির জন্য আমরা এমন একটা গল্প নির্ধারণ করেছি যা দুই বাংলার মানুষ আগে দেখেননি। তবে যেহেতু শুটিং সমুদ্রে হবে সেহেতু এতে জাহাজ, নৌবাহিনী ব্যাপারগুলো থাকবে—এটা বলতে পারি।’

শোনা যাচ্ছিল, জিতের সঙ্গে চঞ্চল চৌধুরীকে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে। কিন্তু এ তথ্য সত্য নয়। রাফী বলেন, ‘চঞ্চল চৌধুরীর অভিনয়ের খবরটি কেবলই গুঞ্জন। এতে শরীফুল রাজ থাকবেন। অনেক আগে থেকেই তার সঙ্গে চূড়ান্ত কথা বলেছি।’

জিৎ বা রাজÑকেউই আসলে নায়ক বা ভিলেন নন। আবার দুজনই নায়ক—এমনটাই জানালেন এ পরিচালক। এটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। বাংলাদেশ থেকে থাকবে জাজ মাল্টিমিডিয়া এবং ওপার বাংলা থেকে শ্যামসুন্দর দে। সর্বশেষ জিৎ ২০১৮ সালে ‘সুলতান : দ্য সেভিয়র’ নামে যৌথনির্মিত সিনেমায় অভিনয় করেন। তার নায়িকা ছিলেন বিদ্যা সিনহা সাহা মিম। 

এ বছরের শেষের দিকে লায়নের শুটিং শুরু হবে। দৃশ্যধারণ হবে দুই বাংলায়। কিন্তু দেশের পট পরিবর্তনের পর ঘোষিত কয়েকটি সিনেমা ভিসা জটিলতার কারণে আটকে আছে। তবে ভারতীয় অংশের প্রযোজক মনে করছেন, এ নিয়ে কোনো সমস্যা হবে না। শ্যামসুন্দর দে বলেন, ‘আমি যতদূর জানি যৌথ প্রযোজনায় কোনো সমস্যা নেই। ওপার বাংলার একটি বড় ছবির কাজ এখানে (কলকাতায়) হবে আগামী দিনে। সেটির ভিসা নিয়ে কোনো সমস্যা হয়নি বলে শুনেছি। আমাদের কাজ তো বছরের শেষের দিকে হবে। বিনোদনের ক্ষেত্রে দুই বাংলার সম্পর্ক সব সময় ভালো ছিল। জিৎ, রাফী আর আমার একটাই চেষ্টাÑদর্শককে ভালো কিছু উপহার দেওয়া।’

ছবির নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের কেউ থাকবেন এতে। এমনকি এখানকার একজন নামকরা খলনায়কও অভিনয় করবেন এতে। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে জিৎ ঢাকার আরেক পরিচালক সঞ্জয় সমদ্দরের ‘মানুষ’ ছবিতে অভিনয় করেছিলেন। যদিও সেটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে নেটিজেনরা বলছেন, রাফীর ক্ষেত্রে সেটা হবে না। তিনি তাকে নিয়ে ব্লকবাস্টার ছবি উপহার দেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা