প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০১ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৩ পিএম
তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রতিটি নাটকে প্রতিভার স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয় করছেন বৈচিত্র্যময় চরিত্রে। ফলে দর্শকের মনে সহজে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার নিজেকে ছাড়িয়ে গেলেন অভিনেত্রী। অভিনয় করলেন সাহসী চরিত্রে, যা রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছে তাকে।
‘চোখটা আমাকে দাও’ নামের একটি নাটকে পতিতা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন তানিয়া। তার বিপরীতে অভিনয় করেছেন জোভান। পরিচালনা করেছেন সাগর জাহান। নির্মাতাও অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেছেন।
এ রকম একটি নাটকে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত তানিয়া। তিনি বলেন, ‘এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি।’
সহশিল্পীকে নিয়ে তানিয়া বলেন, ‘অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতি। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।’
এ ছাড়াও মহিন খান পরিচালিত ‘তোরা মানুষ হবি কবে’, সাইদুর ইমনের ‘একদিন তুমি বুঝবে’, সোহেল রানা ইমনের ‘তুমি কি সেই তুমি’, গোলাম সোহরাব দোদুলের ‘মিথ্যুক মিহির আলী’ নাটকগুলোও ইউটিউবে সম্প্রতি প্রকাশিত হয়েছে। নাটকগুলোয় তার বিপরীতে আছেন শামীম হাসান সরকার, শাশ্বত দত্ত, নিলয় আলমগীর, আরশ খান। সেগুলো বেশ সাড়া ফেলেছে।
এদিকে আরশ খানের সঙ্গে তানিয়ার প্রেম নিয়ে কানাঘুষা হচ্ছে অনেক দিন ধরে। তারা নাকি বিয়েও করেছেন। যদিও এ অভিনেত্রী তা অস্বীকার করেছেন। কাজের সঙ্গে প্রেম বলে জানিয়েছেন।