প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৮ পিএম
সারিকা । ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন হোক কিংবা নাটকÑএকটা সময় টেলিভিশন খুললেই দেখা যেত সারিকা সাবরিনকে। তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায়ই বিরতিতে যান তিনি। এরপর যখন ফিরলেন তখন বেছে বেছে অভিনয়ের সিদ্ধান্ত নিলেন। সেভাবেই এখন এগিয়ে নিচ্ছেন ক্যারিয়ার। সে ধারাবাহিকতায় সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘মায়া’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। এতে তার নায়ক মামনুন ইমন।
সমাজমাধ্যমে প্রকাশিত সিনেমাটির টিজারে দেখা গেছে, মায়া থানায় এসে পুলিশকে জানায়, তার স্বামী নিখোঁজ। এরপর কয়েক ঝলকে একের পর এক রহস্যে ঘেরা ও শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলোয় মিলেছে জুতসই থ্রিলারের আবহ।
ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘এখানে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে তাকে যে ধকল পোহাতে হয়, সেটাই দেখানো হয়েছে। একটা মেসেজও পাবেন দর্শক।’
এবারই প্রথম রাফীর নির্দেশনায় অভিনয় করলেন তিনি। কাজের অভিজ্ঞতা বিষয়ে সারিকা বলেন, ‘কাজ করতে গিয়ে শিল্পীর সঠিক যে সম্মান, কমফোর্ট জোন দিতে হয়, তিনি সেটা ভালোভাবে মাথায় রেখে কাজ করেন। শুটিংয়ের আগেও ভালোভাবে প্রস্তুতি নেন। টিমটাও বেশ গোছানো।’
সারিকাকে প্রথম ওয়েবে দেখা যায় ‘ক্যাফে ডিজায়ার’ অ্যানথোলজি সিনেমায়। সেটির সঙ্গে ‘মায়া’র চরিত্রটির খানিকটা মিল আছে বলে জানান তিনি।
এবারই প্রথম ইমনের সঙ্গে ওয়েব ফিল্মে অভিনয় করলেন সারিকা। এর আগে বিজ্ঞাপন-নাটকে দেখা গেছে তাদের। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘যখন শুনলাম সহশিল্পী ইমন, অবাক হলাম। কাজ করতে গিয়ে অভিজ্ঞতাও ভালো। দুই চরিত্রের রসায়ন দর্শকের ভালো লাগবে। শুটিংয়ের সময় বলেছি, এবার নতুন এক ইমনকে দেখতে পাবেন দর্শক।’
একটা সময় সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসলেও রাজিন হননি সারিকা। তবে এবার মত পরিবর্তন করছেন। ভালো চিত্রনাট্য পেলে বড়পর্দায় কাজ করতে চান। অভিনেত্রী বলেন, ‘এখন ভালো সিনেমা নির্মিত হচ্ছে। আমি মনের মতো গল্পের অপেক্ষায় আছি। এখনও অভিনয়ের প্রস্তাব আসছে। কিন্তু পছন্দ হচ্ছে না বলে ফিরিয়ে দিচ্ছি।’
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে ‘মায়া’ উপভোগ করতে পারবেন দর্শক। এরই মধ্যে এটি ঘিরে দর্শকের মধ্যে আগ্রহ তুঙ্গে।