প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৮ পিএম
তৃপ্তি দিমরি । ছবি: সংগৃহীত
কথায় আছে, অতিরিক্ত কোনো কিছু ভালো না। এই যেমন তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবিতে শয্যাদৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ভারতের নতুন জাতীয় ক্রাশেও পরিণত হন। এরপর থেকে প্রায় সব সিনেমার দৃশ্যে খোলামেলাভাবে হাজির হচ্ছেন। সামনে রাজকুমরা রাওয়ের সঙ্গে জুটি বেঁধে ‘ভিকি অউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’তে দেখা যাবে তাকে। এর প্রথম গান ‘মেরে মেহবুব’ মুক্তি পেয়েছে সদ্য। এতেও সেই একইভাবে দেখা গেছে তাকে।
গানে উষ্ণতা ছড়াতে খোলা পোশাকে মেঝেতে শুয়ে উত্তেজক নাচ নেচেছেন, যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। তাদের মতে, অশ্লীলতার সীমা ছাড়িয়ে গেছেন তৃপ্তি। সেই সঙ্গে কোরিওগ্রাফার গণেশ আচার্যও সমালোচনার মুখে পড়েছেন।
কয়েকমাস আগেও যারা বলেছিলেন, তৃপ্তির বলিউড ক্যারিয়ার দীর্ঘায়িত হতে চলেছে তারা এখন কথা ফিরিয়ে নিচ্ছেন। মনে করছেন, অভিনেত্রীর পতন শুরু। এভাবে প্রতি সিনেমায় শরীর প্রদর্শন করলে হারিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না।
রাজ শান্ডিল্য পরিচালিত, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমাটি নব্বই দশকের প্রেক্ষাপটে নির্মিত। নববিবাহিত দম্পতিকে নিয়ে তৈরি এর গল্প। মুক্তি পাবে ১১ অক্টোবর।
মডেলিংয়ের মাধ্য তৃপ্তি বিনোদন জগতে আসেন। শুরুতে টেলিভিশন বিজ্ঞাপনের বেশ কিছু কাজ তিনি করেছেন। এর মাঝে ২০১৬ সালের দিকে ইউটিউবে ‘ভিপরা ডায়ালগস’ চ্যানেলের জন্য বেশ কিছু ভিডিওতে অভিনয় করেন। তার অভিনীত ভিডিও ইউটিউব ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ভাইরাল হয়েছিল। বড়পর্দায় অভিষেক ঘটে ২০১৭ সালে সানি দেওল, ববি দেওল ও শ্রেয়াস তালপাড়ে অভিনীত ‘পোস্টার বয়েজ’ সিনেমার মাধ্যমে। এটি বাণিজ্যিক সাফল্য পায়নি।