× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিন

চিরসবুজ জাফর ইকবাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮ এএম

জাফর ইকবাল

জাফর ইকবাল

ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ নায়ক জাফর ইকবাল। ১৯৫০ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন এ নায়ক। তবে তার পৈতৃক নিবাস সিরাজগঞ্জে। একে তো সুপুরুষ, সেই সঙ্গে ফ্যাশনসচেতন—সব মিলিয়ে সত্তর-আশির দর্শকের কাছে ছিলেন স্বপ্নের পুরুষ।

জাফর ইকবালের বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিবারে। তার বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন দেশের খ্যাতিমান সংগীত পরিচালক। ছোট বোন প্রয়াত দেশবরেণ্য কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ।

ভাই-বোনের মতো জাফর ইকবালও ক্যারিয়ার শুরু করেছিলেন সংগীত দিয়ে। গায়ক হিসেবে তার অসামান্য প্রতিভা ছিল। বাংলার পাশাপাশি ইংরেজি গানেও ছিলেন দক্ষ। ঘনিষ্ঠজনেরা বলতেন, জাফর ইকবালের গিটার বাজিয়ে ইংরেজি গান গাওয়ার দৃশ্য যে কোনো তরুণীর জন্য স্বপ্নের মুহূর্ত ছিল।

১৯৬৬ সালে মাত্র ১৬ বছর বয়সে বন্ধুদের নিয়ে ‘রোলিং স্টোন’ নামে একটি ব্যান্ড গঠন করেছিলেন জাফর ইকবাল। এরপর ভাই আনোয়ার পারভেজের হাত ধরে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার গাওয়া প্রথম প্লেব্যাক ছিল ‘হয় যদি বদনাম হোক আরও’। তখন গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

এরপর আরও বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছিলেন জাফর ইকবাল। তার গাওয়া চারটি কালজয়ী গান হলো ‘সুখে থাকো ও আমার নন্দিনী, ‘তুমি আমার জীবন/আমি তোমার জীবন’, ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’ এবং ‘হয় যদি বদনাম হোক আরও’।

জাফর ইকবাল নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬৯ সালে ‘আপন পর’ সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কবরী। তবে এ নায়কের সঙ্গে ববিতার জুটি সবচেয়ে বেশি সফল হয়েছিল। একসঙ্গে অভিনয় করেছিলেন ৩০টি সিনেমায়।

জাফর ইকবাল জনপ্রিয়তার প্রথম সারিতে আসেন ১৯৭৫ সালের ‘মাস্তান’ সিনেমা দিয়ে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দেড় শতাধিক সিনেমায় অভিনয় করে নিজেকে সফল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

কেবল অভিনয় কিংবা গানে নয়, জাফর ইকবাল অমর হয়ে আছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্যও। সশরীরে তিনি লড়েছিলেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। তিনি বিয়ে করেছিলেন সনিয়া নামে এক নারীকে। তাদের দুই সন্তান রয়েছে। জানা যায়, পারিবারিক অশান্তির কারণে একটা সময় মানসিকভাবে ভেঙে পড়েন এ নায়ক। পরে মদপানসহ অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে তিনি ক্যানসারে আক্রান্ত হন। তার হার্ট ও কিডনি নষ্ট হয়ে যায়। ১৯৯২ সালের ৮ জানুয়ারি না-ফেরার দেশে পাড়ি জমান জাফর ইকবাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা