প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬ পিএম
কৌশানি মুখার্জি । ছবি: সংগৃহীত
টলিউডের লাস্যময়ী নায়িকা কৌশানি মুখার্জি। চলচ্চিত্রে অল্প দিনের পথচলায় পেয়েছেন জনপ্রিয়তা। প্রযোজক-পরিচালকরা তার ওপর চোখ বুজে ভরসা করেন। সে ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘বহুরূপী’ শিরোনামে সিনেমা। মুখ ও মুখোশের খেলায় অ্যাকশনে ভরপুর ছবির টিজার এরই মধ্যে সাড়া ফেলেছে।
কয়েক দিন আগে মুক্তিপ্রতীক্ষিত এ ছবির প্রথম গান ‘শিমুল পলাশ’ প্রকাশ পেয়েছে। যেটি প্রশংসিত হচ্ছে। এবার উন্মুক্ত করা হয়েছে ‘আজ সারা বেলা’ নামে দ্বিতীয় গান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাস্তব জীবনের মুখোশধারী মানুষদের নিয়ে কথা বলেছেন কৌশানি।
কৌশানি কি আশপাশে থাকা বহুরূপী মানুষদের চিনতে পারেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। অনেকবার ধাক্কা খেয়েছি। অনেকবার লাথি খেয়েছি। কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি। এখন এ মুখোশধারীদের চেনার প্রসেসে আছি। আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মতো ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দিই। এটাই আমার প্রকৃতি। সবারই অনেক মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতাম।’
এর আগে বহুরূপীর পোস্টার প্রকাশ অনুষ্ঠানে নিজের প্রকৃতি নিয়ে সোজাসাপটা মনের কথা জানিয়েছিলেন কৌশানি। তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না। দরকারের বেশি সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ড্রাস্টিতে। “আবার প্রলয়”-এর পর প্রায় আট মাস কিছু কাজ করিনি। এজন্য এমনও শুনতে হয়েছে যে, আমি নাকি কাজ পাচ্ছি না। সেটা কিন্তু একেবারেই নয়। এর মাঝেও আমার কাছে অনেক কাজের অফার এসেছিল। কিন্তু স্বেচ্ছায় সেসব ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছিল আবার প্রলয়তে আমাকে অন্যরকমভাবে দেখে দর্শক যে ভালোবাসাটা দিয়েছিলেন, সেটা যেন আমার পরের ছবিতে একটু না কমে।’
বাংলাদেশেও কৌশানি বেশ জনপ্রিয়। ঢালিউডের ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। গেল ঈদুল আজহায় মুক্তি পায় এটি।