প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩ পিএম
সন্দীপ রেড্ডি ভাঙা ও মাইকেল জ্যাকসন । ছবি: সংগৃহীত
গোটা বিশ্বে এক মানে পরিচিত মাইকেল জ্যাকসন। পপ সংগীতকে পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে দিয়েছিলেন। তাই সর্বকালের সেরা সংগীতশিল্পীদের তালিকায় প্রথম সারিতে তার অবস্থান। এবার এই ‘কিং অব পপ’র জীবন নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা পোষণ করেছেন বলিউড পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা।
সম্প্রতি ‘অ্যানিমেল’ বানিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন সন্দীপ। শুরু করেছেন ‘স্পিরিট’ নামে আরেকটি সিনেমার কাজ। এটি ঘিরেও দর্শকের আগ্রহ তুঙ্গে। আর মাঝেই মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণের বাসনা প্রকাশ করতেই অনুরাগীরা নড়েচড়ে বসেছেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি বলেন, ‘আমার বায়োপিক করার ইচ্ছে রয়েছে। বিশেষ করে মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি করতে পারলে তো কথাই নেই। এবার প্রশ্ন উঠতে পারে, কে করবেন জ্যাকসনের চরিত্রে অভিনয়? এই চরিত্রের সেরকম মানানসই অভিনেতা পাওয়া গেলে আমি সরাসরি হলিউডেই চলে যেতে পারি।’
এ পরিচালকের ভাষ্য, ‘সেখানকার প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে সিনেমা তৈরির বিষয়ে কথা বলা বলতে পারি। ইংরেজিতে সিনেমা তৈরি করা যেতেই পারে। জ্যাকসনের গোটা জীবনটাই দারুণ আকর্ষণীয়। তার শৈশব থেকে কৈশোর স্কুলের পর্ব, উল্কার গতিতে উত্থান অসংখ্য বিতর্ক, নিজের ত্বকের রঙ যেভাবে বদলে ফেলেছিলেন মূলত তার পুরো জীবনটা গল্পের মতো। তাই তার জীবন নিয়ে খুব আকর্ষণীয় ছবি হতে পারে বলেই আমার বিশ্বাস।’
মাইকেল জ্যাকসন নিয়ে সন্দীপ রেড্ডির ভালোবাসা নতুন কিছু নয়। ‘অ্যানিম্যাল’-এ রণবীরের চরিত্রের নাম ছিল ‘রণবিজয়’। সে আসলে মাইকেল জ্যাকসনের বিরাট অনুরাগী। ছোট ‘রণবিজয়’ বাবার কাছে বায়না করেছিল যে, সে মাইকেল জ্যাকসনের অনুষ্ঠান দেখতে চায়। এই দৃশ্যটি সবারই মনে আছে।