প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম
চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন
বিয়েটা ভালোবেসেই করেছিলেন দীপংকর দীপন ও সংযুক্তা মিশু। চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সাংবাদিকের সংসার জীবন সুখেই কাটছিল। কিন্তু হঠাৎ ছন্দপতন। পারস্পরিক বোঝাপড়ার অভাবে বিচ্ছেদের পথ বেছে নিলেন তারা।
দীপন সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সম্পর্কে ইতি টানার কথা। এ সময় প্রাক্তনের মঙ্গলময় জীবন কামনা করেন তিনি। জনপ্রিয় এ নির্মাতা লিখেছেন, আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই, পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।
বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে তাদের কোনো প্রশ্ন না করার বিনীত অনুরোধ জানিয়েছেন। কাছাকাছি সময়ে সংযুক্তাও প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি দীপনকে ক্ষমা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। একগুচ্ছ অভিযোগ তুলে ধরে লিখেছেন, তোমাকে ক্ষমা করে দিলে নিজের সাথে খুব অবিচার করা হবে। কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীনভাবে হত্যা করেছ। অন্ধকার কারাগারে আমার রঙিন নেশাকে বিবস্ত্র করেছ। আমার দৃষ্টিকে টেনেহিঁচড়ে কালো দেয়ালে শূলবিদ্ধ করেছ। তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহিতা করা হয়, তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর কিন্তু তোমাকে ক্ষমা মঞ্জুর না। সত্যিই না।
এমন আপসহীন কথাগুলো তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমণকে ইঙ্গিত দেয়। কিন্তু তার নাম প্রকাশ করেননি সংযুক্তা। দীপংকর দীপন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। যদিও এরপর কয়েকটি সিনেমা বানালেও, সেগুলোতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।