বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৪:৫২ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৫:০৩ পিএম
অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। ফাইল ছবি
মঞ্চে প্রিয়মুখ অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। মঞ্চের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সেই প্রেক্ষিতে শনিবার ইন্ডিয়া ফিল্ম সোসাইটিজের আয়োজনে কলকাতার নন্দনে ‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে জ্যোতি সিনহা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’।
বাংলাদেশ সময় বেলা ৩টায় হবে স্বল্পদৈর্ঘ্য ছবিটির প্রদর্শনী। ধর্ষণ একটি মেয়ের জীবনে কতটা বিপর্যয় তৈরি করতে পারে, তার অভিনব এক রূপায়ণ নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটি।
‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’র গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন শুভাশিস সিনহা। ধর্ষণের শিকার নারী দীপার পরবর্তী ভোর থেকে রাত পর্যন্ত ভারসাম্যহীন ক্রিয়াকলাপ ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে।
এর পাশাপাশি আগামী ৭ আগস্ট রয়েছে ইন্দো-বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অ্যাসোসিয়েশনের আয়োজনে স্বল্পদৈর্ঘ্য মণিপুরি ছবি ‘তেই’-এর বিশেষ প্রিমিয়ার। এ ছবিরও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি।
আগামী ৯ আগস্ট অনীক নাট্যদলের আয়োজনে তপন থিয়েটারে ও ১০ আগস্ট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে বিভাগীয় মিলনায়তনে জ্যোতি ‘হ্যাপি ডেজ’-এর দুটি প্রদর্শনীতে অংশ নেবেন। উইনি নামের এক নারীর নিঃসঙ্গ জীবনের উদ্ভট ক্রিয়াকলাপের গল্প নিয়ে ‘হ্যাপি ডেজ’।
ফরাসি দূতাবাস প্রযোজিত মণিপুরি থিয়েটার ও হৃৎমঞ্চ পরিবেশিত ‘হ্যাপি ডেজ’-এ অভিনয় করেছেন জ্যোতি। স্যামুয়েল বেকেটের লেখা নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা।
প্রবা/ইউরি/ম.ই