সাক্ষাৎকার
রেজওয়ান সিদ্দিকী অর্ণ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮ এএম
নাজনিন নাহার নিহা। ছবি : সংগৃহীত
চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর স্নিগ্ধ হাসি। কখনও ছোট্ট টিপ জায়গা করে নেয় কপালের ঠিক মাঝখানটায়। মায়াবী মুখে যেন আছড়ে পড়ে হেলেন অব ট্রয়ের সৌন্দর্য। তবে তার জন্য ধ্বংস হয়নি কোনো নগরী। বরং সৃষ্টিতেই দৃষ্টি রেখে এগিয়ে চলেছেন। বলা হচ্ছে নাজনিন নাহার নিহার কথা। তিনি জানেন, ভালো অভিনয় না জানলে হারিয়ে যেতে হয়। তাই এখন শেখাতেই ধ্যানজ্ঞান। প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপকালে ক্যারিয়ার নিয়ে মনের আগল খুলেছেন এ অভিনেত্রী। শুনেছেন রেজওয়ান সিদ্দিকী অর্ণ
সমাজমাধ্যমে আপনাকে ‘জাতীয় ক্রাশ’ বলছেন অনেকে। লক্ষ করেছেন নিশ্চয়ই?
দর্শকের কমপ্লিমেন্ট তো অবশ্যই ভালো লাগে। যেহেতু জাতীয় ক্রাশ বলছেন, সেহেতু এটা আমার কাছে বড় পাওয়া। তবে মাঝেমধ্যে লজ্জাও লাগে।
স্বল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এটাকে ধরে রাখতে ক্যারিয়ার পরিকল্পনা কীভাবে সাজাচ্ছেন?
নাটকের সংখ্যার চেয়ে মানের দিকটা বজায় রাখতে চাই। এখনও আমার অনেক কিছু শেখার আছে। প্রতিমুহূর্তে সিনিয়রদের কাছ থেকে শিখি। শিখেই যাব। তাই চেষ্টা করছি একসঙ্গে একাধিক নাটকে অভিনয়ের পরিবর্তে একটিতে মনোযোগ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। নতুন বলে দর্শক আমার ভুলত্রুটিগুলো ছাড় দিচ্ছেন। তাই এখন থেকেই একটু একটু করে উন্নতিতে জোর দিচ্ছি। টিকে থাকতে হলে ভালো অভিনয়ের বিকল্প নেই।
আপনার অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক কে?
আমার পরিবারের সবাই অনেক সাপোর্টিভ। আব্বু-আম্মু আমার নাটকের নিয়মিত দর্শক। অভিনয়ে কোথাও কোনো দুর্বলতা দেখলে ধরিয়ে দেন। কাছের বন্ধুরাও তাই করে। এমনকি ডিরেক্টর-সহশিল্পীরাও ভুল ধরিয়ে দেন। আমি সব সময় তাদের বলি, ভাইয়া আমাকে সান্ত্বনা দেবেন না। ভুলত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন। আমি চাই দর্শকও আমার অভিনয়ের সমালোচনা করুক। নিজের ভুল নিজে ধরা যায় না। তারা ধরিয়ে দিলেই উন্নতি করতে পারব। এটাকে খারাপভাবে নিই না। বরং অনুপ্রাণিত হই।
অভিনয়ের প্রস্তাব এলে কোন বিষয়টি মাথায় রাখেনÑ গল্প নাকি সহশিল্পী?
গল্পের যে চরিত্রটা আমাকে দেওয়া হয়, সেটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারব কি না, সেটা আগে ভাবি। কেননা, আমি যদি না পারি তাহলে টিমের সবার পরিশ্রমটাই বৃথা যাবে। এটা আমি চাই না। আর এখনও কো-আর্টিস্ট বেছে কাজ করার পর্যায়ে যেতে পারিনি। স্টোরি আর টিম ভালো হলে কাজে আগ্রহ পাই।
সিনেমা নিয়ে কিছু ভাবছেন?
একদমই ভাবছি না। এখনই করার ইচ্ছা নাই। বিগ ক্যানভাসে কাজ করার জন্য সেভাবে তৈরি হতে হয়। আমি তো নাটকেই নিজেকে গুছিয়ে নিতে পারিনি। আগে এখানে নিজের জায়গা মজবুত করি। তারপর যখন সময় হবে, তখন ভাবব।
সবেমাত্র বিশ্ববিদ্যালয়-জীবন শুরু হলো আপনার। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চান?
ছোটবেলা থেকে ব্যবসা করার ইচ্ছা। এখন যেহেতু মিডিয়ায় কাজ করছি, সেহেতু এটার পাশাপাশি ব্যবসা করব। তবে সেটা সময়সাপেক্ষ। বোঝারও বিষয় আছে। সুন্দর পরিকল্পনা নিয়ে ইচ্ছাটা পূরণ করতে চাই।