বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৩:৪৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৪:০৩ পিএম
অভিনেত্রী রিচা চাড্ডা ও অভিনেতা আলি ফজল। ফাইল ছবি
অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা ও মডেল-অভিনেতা আলি ফজল। যদিও তাদের বিয়ে অনেক আগেই ঠিকঠাক ছিল। তবে তাতে বাধ সাধে মহামারি করোনাভাইরাস। তাতে বিয়েটাও পিছিয়ে যায়। এবার অপেক্ষার অবসান হচ্ছে তাদের। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই মালাবদল হবে বলিউডের এ তারকা জুটির।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, রিচা-আলির বিয়ের অনুষ্ঠান হবে দুভাগে। এর মধ্যে একটি অনুষ্ঠান হবে মুম্বাইয়ে। তবে এখনো পাত্র-পাত্রী বা তাদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
২০১২ সালে কমেডি ‘ফাকরে’ ছবির সেটে রিচা-আলির প্রথম দেখা। প্রথম দেখাতেই মন দেওয়া-নেওয়া। এরপর ১০ বছর তাদের প্রেমের বয়স।
বলিউডে নায়ক-নায়িকার বাস্তবজীবনে প্রেমের গল্প নতুন নয়। দিলীপ কুমার-শায়রা বানু থেকে শুরু করে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন বা রণবীর কাপুর-আলিয়া ভাট পর্যন্ত গড়িয়েছে সে প্রেমের স্রোত।
প্রবা/ইউরি/ম.ই