× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেমসকে বাধা দিয়েছিল কারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ০৯:৫২ এএম

ফারুক মাহফুজ আনাম জেমস। ছবি : সংগৃহীত

ফারুক মাহফুজ আনাম জেমস। ছবি : সংগৃহীত

ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার আমলে ভিন্নমতের লোকজনকে কীভাবে দমন-পীড়ন করা হয়েছে তার বহু বর্ণনা উঠে আসছে। বেশ কিছু ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে; এর মধ্যে অন্যতমÑ ব্যান্ড তারকা জেমস নাকি গত ৮ বছর ধরে কনসার্টের মঞ্চে গাইতে পারেননি তার বহুল জনপ্রিয় গান ‘বাংলাদেশ’। জেমস নিজেই নাকি বলেছেন, ওই গানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নাম থাকায় গানটি তাকে গাইতে দেওয়া হয়নি। অর্থাৎ রাজনৈতিক বাধার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে জেমস এই গানটি গাইতে পারেননি। 

জেমস কবে কোথায় কার কাছে এ তথ্য জানিয়েছেনÑ সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যসূত্র উল্লেখ না থাকলেও ঘটনাটি ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। অথচ খোঁজ নিতে গিয়ে জানা গেল, এমন কোনো তথ্য কিংবা মন্তব্য জেমস কাউকে কখনও দেননি! বরং তার নামে এ তথ্য ছড়ানোয় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। 

এ ব্যাপারে গতকাল বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জেমসের ঘনিষ্ঠ সহচর এবং তার ‘নগরবাউল’ ব্যান্ডের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি বলেন, ‘জেমস ভাই বরাবরই একজন পেশাদার মানুষ। ওনার কাছে প্রথম এবং শেষ ঠিকানা শ্রোতা-দর্শক। গানের সঙ্গে শ্রোতার সংযোগ ঘটানোর বাইরে ওনার আর কোনো উচ্চাভিলাষ নেই। ফলে রাজনৈতিক কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে আপনারা তাকে কখনও দেখেননি, আশা করছি দেখবেনও না। যে কথাটি ওনার নামে প্রচলিত হয়েছে, সেটি তার বক্তব্য নয়। এমনকি এ বিষয়ে এমন কোনো মন্তব্য কখনও তিনি করেননি।’

তাহলে আলোচিত গানটি দীর্ঘদিন ধরে জেমসকে গাইতে শোনা যাচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘একজন পেশাদার শিল্পীর জীবন অনেক বিচিত্র হয়। যেটা আসলে অনেকে সাদা চোখে টের পান না বা বুঝতে চান না। বিশ্বের প্রতিটি কনসার্টের আলাদা আলাদা শ্রোতা থাকে, ডিজাইন থাকে, পরিবেশ থাকে, চাহিদাও থাকে। প্রতিটি শো’র আগে শিল্পী সেই মাপে তার প্লেলিস্ট সাজিয়ে থাকেন। আবার যারা ওই শো আয়োজন করেন, তাদেরও কিছু চেকলিস্ট বা অনুরোধ থাকে। শ্রোতাদেরও ইনস্ট্যান্ট চিরকুট থাকে। এর সব মিলিয়েই তো একটা শো বা কনসার্ট হয়। ধরুন সব কনসার্টে তো আমরা ‘পাগলা হাওয়া’ পরিবেশন করি না। তেমনি ‘মীরাবাঈ’ কিংবা ‘মা’ গানটাও করি না। আবার এমন অনেক কনসার্ট হয় যেখানে ‘বাংলাদেশ’ গানটা করিনি বা করা হয়নি। এটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা নিয়ে রাজনীতির কিছু নেই তো। আমাদের প্লিজ রাজনীতি মুক্ত রাখুন।’

জেমসের বরাত দিয়ে রবিন আরও জানালেন, এখন থেকে ‘বাংলাদেশ’ গানটি প্রতিটি কনসার্টে পরিবেশন করা হবে নিয়মিত। গানটিকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক জল্পনার কারণে এই গান দিয়েই নতুন বাংলাদেশের প্রতিটি কনসার্ট শুরুর পরিকল্পনা করেছেন জেমস। 

গানটিতে বঙ্গবন্ধুর উল্লেখ থাকায় এখন যদি কেউ সত্যিই আপত্তি তোলেন; তাহলে কী করবেনÑ জানতে চাইলে রবিন বলেন, ‘এটা নতুন এক বাংলাদেশ। সবাইকে নতুন করে ভাবতে হবে। রাজনৈতিক সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই তো বৈষম্যবিরোধী আন্দোলনের ফল পাব আমরা।’

২০০০ সালে প্রিন্স মাহমুদের কথা ও সুরে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চু ও জেমসের মিক্সড অ্যালবাম ‘পিয়ানো’। সুপারহিট ওই অ্যালবামে স্থান পেয়েছিল ‘বাংলাদেশ’ গানটি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা