প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১০:০১ এএম
স্বস্তিকা মুখার্জি
ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এ ঘটনার প্রতিবাদে চলছে একটানা বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এমন অভিযোগ ওঠার পর ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সরকারের ব্যর্থতা নিয়ে ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন তারা। জড়িতদের বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও।
সেই সূত্রে সম্প্রতি বিষয়টি নিয়ে নিজের মতামত দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘একটা ঘটনার ওপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমন কী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ পৃথিবীর যেকোনো জায়গায় হতে পারে। তবে এ ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।’
সৌরভের এমন মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও সৌরভের মন্তব্য ভালোভাবে নিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো পোস্ট দিয়ে সৌরভের কথায় ক্ষোভ প্রকাশ করেছেন টালিউডের তারকা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আর জি কর কাণ্ড নিয়ে শুরু থেকেই প্রতিবাদমুখর হয়ে উঠেছেন তিনি। এমনকি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যমে সরব ছিলেন নায়িকা।
সৌরভ প্রসঙ্গে শনিবারের পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি; যাওয়া হয়নি। আর কোনোদিন যাব না। অ্যাকসিডেন্টলি যাব নাÑ সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ এবং খুন কোনো দুর্ঘটনা নয়; এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়; কোনো রাজ্যেই নয়। এই দুই কাজÑ রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে/করে; জেনেবুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।’
এর আগে সৌরভের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা হিসেবে মানুষ যে আসনে বসিয়েছে। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!’