বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৪:২৯ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৫:১৯ পিএম
দীর্ঘ লড়াই থামিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
গেল ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয়েছিল তার। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৪ বছরের ঐন্দ্রিলা।
হাসপাতালে ভর্তির পর করা হয় অপারেশন। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। মাঝে ক’দিন সুস্থতার দিকে এগোলেও শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইয়ে হেরেই গেলেন ‘ফাইটার’ ঐন্দ্রিলা।
গত বুধবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় পরপর দুবার। মাঝে খবর ছড়িয়ে যায় তিনি আর নেই। তখন তার বন্ধু সব্যসাচী জানান, এই খবর মিথ্যা। শুক্রবার তার অবস্থার খানিক উন্নতি হলেও শনিবার ফের অ্যাটাক হয়।
চিকিৎসকদের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, গতকাল রাতে ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। শেষ রক্ষা আর হলো না। রবিবার ২০ নভেম্বর চলে গেলেন সকলকে কাঁদিয়ে।
২০১৫ সালে ক্যানসার ধরা পড়ে ঐন্দ্রিলার শরীরে। তারপর ২০২১ সালে দ্বিতীয়বার তিনি ক্যানসার আক্রান্ত হন। দুবার ক্যানসারকে হারিয়ে, কেমোথেরাপি করিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কাজে ফিরেছিলেন। একাধিক ওয়েব সিরিজ, সিনেমায় অভিনয় করে সবার প্রশংসা পেয়েছেন।
কিন্তু আচমকা ব্রেন স্ট্রোক হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি। সেই শয্যা আর কাটল না ঐন্দ্রিলার।
এই অভিনেত্রীর মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।