প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ০১:৩০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১১:১৬ এএম
শিরোনামহীন ব্যান্ড। ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ এখনও উত্তাল। ছাত্র আন্দোলনের সঙ্গে একাগ্রতা প্রকাশ করেছে দেশের সব শ্রেণি-পেশার মানুষ। আন্দোলন কেন্দ্র করে শোবিজ অঙ্গন সরব।
সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারকারা। বিভিন্ন ব্যান্ডদল জয় বাংলা কনসার্ট বয়কট করে প্রতিবাদ জানিয়েছে। এবার তাতে সংহতি প্রকাশ করল ব্যান্ড শিরোনামহীন।
আজ শুক্রবার (২ আগস্ট) আনুমানিক রাত ১টায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শিরোনামহীন ব্যান্ডের তরফে বলা হয়, ‘একটা তথ্য সবাইকে জানাতে চাই। শিরোনামহীন সাত বছর ধরে কোনো জয় বাংলা কনসার্টে পারফর্ম করেনি। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণই জানানো হয়নি। যে কনসার্টে আমাদের আমন্ত্রণই জানানো হয় না, সে কনসার্টকে বয়কট করে হাততালি কুড়ানোর সুযোগটা আসলে আমাদের নেই। যারা নিয়মিত পারফর্ম করতেন তাদের অনেকেই কনসার্টটি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ভবিষ্যতে আমাদের আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব এ তথ্যটাও আপনাদের দিয়ে রাখলাম। ভালো থাকবেন সবাই।’
এ ছাড়া এক ফেসবুক পোস্টে তারা জানিয়েছে, দেশজুড়ে নিরীহ ছাত্রছাত্রীদের হত্যার বিচার দাবিতে এবং গ্রেপ্তার অসংখ্য ছাত্রছাত্রীর মুক্তির দাবিতে আসছে শিরোনামহীনের নতুন গান ‘কেন ?’
শিরোনামহীনের তরফে আরও জানানো হয়েছে, ‘খুব দ্রুত গানের কাজ শেষ করতে হচ্ছে। মিউজিক ভিডিও তৈরি করার সময় নেই এখন। খুব দ্রুত টাইপোগ্রাফি দিয়ে একটি লিরিক ভিডিও তৈরি করে গানটি ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। টাইপোগ্রাফিতে পারদর্শী বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার করা টাইপোগ্রাফি ইনবক্সে দিয়ে নক করুন... আমাদের পছন্দ হলে আপনার করা টাইপোগ্রাফি দিয়েই প্রকাশিত হবে শিরোনামহীনের গানÑকেন?’
উল্লেখ্য, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ২০১৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। যেখানে অংশ নেয় দেশের জনপ্রিয় সব ব্যান্ড।