× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাফিনের লাশ আসবে সোমবার, দাফন মঙ্গলবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৯:৫৩ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ২০:২৭ পিএম

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ।

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হাসপাতালে প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ দেশে আসছে সোমবার (২৯ জুলাই)। শাফিনের ছেলে আযরাফ রাকিন আহমেদ রবিবার বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী মঙ্গলবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

‘মাইলস’ তারকার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, শাফিনের মরদেহ সোমবার বিকাল সাড়ে ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। মঙ্গলবার বাদজোহর গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের কবরও এ বনানী কবরস্থানে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী শুক্রবার জুমার নামাজের পর শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে কুলখানি অনুষ্ঠিত হবে। 

গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে পারফর্ম করতে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার দ্বিতীয় কনসার্ট। কিন্তু সেই কনসার্ট শুরুর আগে অসুস্থবোধ করেন তিনি। স্থগিত করে দেওয়া হয় কনসার্ট। শারীরিক অবস্থা খারাপ হলে সেদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হয়নি তার। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর। ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে শাফিনের প্রথম জানাজা। 

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মার কাছে নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন। দেশে ফিরে দুজনেই যুক্ত হন মাইলস ব্যান্ডের সঙ্গে। যা পরবর্তীতে বাংলাদেশের অন্যতম সফল ব্যান্ড হিসেবে স্বীকৃতি পায়। শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি। কয়েক বছর আগে দুই ভাইয়ের আর্থিক বিবাদে মাইলস ছেড়ে ‘ভয়েস অব মাইলস’ নামে নতুন দল গড়েন শাফিন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা