বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১৩:৪৪ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ১৩:৫৭ পিএম
চলতি বছরের অন্যতম আলোচিত দক্ষিণী সিনেমা ‘কানতারা’ পুরো ভারতে আলোড়ন তুলেছে। কন্নড় ভাষায় নির্মিত সিনেমাটি এরইমধ্যে হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এবার জানা গেল, ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে সিনেমাটি।
প্রযোজক সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে সিনেমাটি প্রকাশ পাবে। যদিও শুরুতে ৪ নভেম্বর সিনেমাটি ওটিটিতে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সিনেমা হলে এখনও ছবিটিকে ঘিরে দর্শকের আগ্রহের কথা বিবেচনা করে এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়।
এদিকে এখনও নির্মাতারা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। এদিকে ‘কানতারা’য় অভিনয়ের পর ঋষভ শেঠি এখন সুপারস্টার। অভিনয়ের পাশাপাশি ‘কানতারা’র গল্প লিখেছেন এবং পরিচালনাও করেছেন তিনি। বক্স অফিস রিপোর্ট অনুসারে সারা পৃথিবীতে ২০০ কোটি রুপির ব্যবসা করেছে এই ছবি। ছবির হিন্দি ভার্সন ব্যবসা করেছে ৬২ কোটি। দক্ষিণী অন্যান্য তারকার মতো তিনিও কি নাম লেখাবেন বলিউডে? সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হন ঋষভ। এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘আমি কন্নড় ছবিই করতে চাই। আমি একজন গর্বিত কন্নড়। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, এখানকার মানুষের জন্য আজ আমি এখানে। একটা সিনেমা হিট করল বলে আমি আমার পরিবার বা বন্ধুদের ছেড়ে যাব না।’
শুধু বক্স অফিস নয়, আইএমডিবি-র রেটিংয়ে কেজিএফ-টু, আরআরআর-কেও ছাপিয়ে গেল ঋষভ শেঠির ‘কানতারা’। সিনেমাটি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রজনীকান্ত নিজেও। তার কথায়, ‘অজানা, অথচ জানার থেকেও বেশি। কানতারা-র থেকে ভালো দেশি ছবি কেউ বানাতে পেরেছেন বলে মনে হয় না। ছবিটা দেখে গায়ে কাঁটা দিয়েছে। লেখক, পরিচালক, অভিনেতা হিসেবে ঋষভ সকলকে ছাপিয়ে গেছেন। ভারতীয় ছবিতে এ ধরনের মাস্টারপিস বানানোর জন্য ছবির সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ।'
ঋষভ শেঠির ‘কানতারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রভাস থেকে ধনুশ। একবার নয় দু’বার ছবিটি দেখে ফেলেছেন প্রভাস। লিখেছেন, ‘দ্বিতীয়বার কানতারা দেখলাম। অসাধারণ অভিজ্ঞতা। ছবি কনসেপ্ট দারুণ, ক্লাইম্যাক্সও রোমাঞ্চকর। প্রেক্ষাগৃহে দেখার মতোই ছবি এটি।’