বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৫:০৯ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৫:৩৫ পিএম
আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম। তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেতের নিজ বাসভবনে তিনি মারা যান। শিল্পী ইব্রাহীম দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। তিনি জানিয়েছেন, আজ বাদ আসর প্রয়াত এই শিল্পীর জানাজা হবে।
আশির দশকে বিচ্ছেদ ও মরমি গানের জন্য তিনি ছিলেন সমাদৃত। ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চার শ গান করেছেন জনপ্রিয় এই শিল্পী। কিছু চলচ্চিত্রেও গেয়েছেন তিনি।
‘কী আছে জীবনে আমার’, ‘কোনো একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’ জনপ্রিয় এসব গানের শিল্পী মো. ইব্রাহীম। এখনও এ গানগুলো গুনগুন করে গেয়ে থাকেন শ্রোতারা।
তিনি গান করেন ১৯৭২ সাল থেকে। তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে—কী আছে জীবনে আমার, বিনোদিয়া, ভবের মানুষ, নিষ্ঠুর পৃথিবী, আর কান্দাইও না, কবর হলো রুহের হোল্ডিং নাম্বার, সৃষ্টিরহস্য, মাটির দেহ যাবে পচে প্রভৃতি। সবশেষে চার-পাঁচ বছর আগে প্রকাশ পায় অ্যালবাম ‘ভাবদরিয়া’।
অ্যালবামের বেশিরভাগ গানই ইব্রাহীমের রচনা ও সুর করা।