প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৪:৫৭ পিএম
সংগীতশিল্পী পড়শী।
গানের চেয়ে গত কয়েক বছরে অভিনয় নিয়েই যেন বেশি ব্যস্ত ছিলেন জনপ্রিয় গায়িকা পড়শী। গত কয়েক ঈদে তাকে দেখা গেছে নাটকে অভিনয় করতে। তবে এবার ঈদে নতুন কোনো নাটক না এলেও ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন পড়শী। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘এই দুটি চোখে’ শিরোনামের গানটি। সুদীপ কুমার দীপের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানের র্যাপ অংশ গেয়েছেন জিএম আশরাফ।
‘এই দুটি চোখে’ গানটির ভিডিওতে পড়শীকে দেখা গেল ব্যাংক ডাকাতের ভূমিকায়। তার সঙ্গে আছেন ইমরান আহমেদ সওদাগর। তিনি অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি পড়শীকে আইনের আওতায় আনতে ছদ্মবেশে তার দলে যোগ দেন। একসময় একে অপরের প্রেমে পড়ে যান তারা। শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতির পর পড়শীকে গ্রেপ্তার করলেও সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তারা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ।
পড়শী বলেন, ‘শ্রোতারা আমার কাছ থেকে সব সময় রোমান্টিক ঘরানার গান শুনতে চায়। কিন্তু ব্যক্তিগতভাবে আমি সব সময় ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করতে পছন্দ করি। অনেক দিন পর এ ধরনের গান করা হলো। শোনার পাশাপাশি গান এখন দেখার বিষয়। তাই গানের ভিডিওতে একটি গল্প তুলে ধরা হয়েছে। আশা করছি, সবাই উপভোগ করবেন মিউজিক ভিডিওটি।’