প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ২২:২২ পিএম
প্রিমিয়ার শো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সংগৃহীত ফটো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরকে প্রাধান্য দিয়ে নির্মিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ প্রায় ৯৬ মিনিটের অ্যানিমেশন সিরিজ ‘খোকা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বঙ্গবন্ধু সামরিক জাদুঘর স্টার সিনেপ্লেক্সে এই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে ১১ পর্বের এই অ্যানিমেশন সিরিজ নির্মাণ করা হয়। ১১ পর্বের সিরিজটিকে এক সঙ্গে করে অ্যানিমেশন ছবি হিসেবে প্রদর্শন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পথশিশু এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রদর্শনী উপভোগ এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী সিরিজটির পাঁচটি প্রদর্শনী হয়; যথাক্রমে সকাল ১০টা ৪৫ মিনিট, দুপুর ১টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৪৫মিনিট, বিকাল ৫টা ৪০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। দুপুর ১টা ৩০ মিনিটের প্রদর্শনীতে সংসদ সদস্যরা এবং বিকাল ৩টা ৪৫ মিনিটের প্রদর্শনীতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতার উপস্থিত থেকে সিরিজটি উপভোগ করেন।
অ্যানিমেশন সিরিজটি উপভোগ শেষে প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তিনি উন্নত আধুনিক সোনার বাংলা গড়ার ভিত্তি রচনা করে গেছেন। বঙ্গবন্ধুর দুরন্ত কৈশোর, সংগ্রামী ছাত্রজীবনকে আমরা শিশু-কিশোরদের প্রিয় মাধ্যম অ্যানিমেশনে তুলে ধরেছি। শৈশবে বঙ্গবন্ধু যেমন একজন মানবিক শিশু ছিলেন, কৈশোরে তেমনই দুরন্ত-প্রতিবাদী ছিলেন।
প্রত্যন্ত অঞ্চল টুঙ্গিপাড়া গ্রাম থেকে কীভাবে বড় হয়ে ধীরে ধীরে খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় পরিণত হলেন এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধারাবাহিক নেতৃত্বকে এই অ্যানিমেশনের মাধ্যমে সহজ-সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা ফিউচার অ্যানিমেটর্স অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি (ফেস অব স্মার্ট বাংলাদেশ) প্রকল্প গ্রহণ করছি। এই প্রকল্পের আওতায় ফ্রান্সের সঙ্গে যৌথ সহায়তায় পরিবেশ এবং জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা তৈরির জন্য ‘সং অফ ঝিনুক’ এবং বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনকে তুলে ধরার জন্য ‘দি স্ট্রাগল’ নামে অ্যানিমেশন মুভি তৈরি করা হবে।
সংশ্লিষ্টরা জানান, মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের ‘দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে নির্মিত এই সিরিজটির পরিচালনায় ছিলেন প্রোল্যান্সার স্টুডিওয়ের সোহেল মোহাম্মদ রানা। প্রযোজকের দায়িত্বে ছিলেন ছিলেন শেখ অলিদুর রহমান হীরা এবং সার্বিক সহযোগীতায় ছিলেন মার্স সলিউশনের কর্নধার আইসিটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, সংস্কৃতি ও সমাজকর্মী এম ই চৌধুরী শামীম ও দিলারা আফরোজ খান রুপা (এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী এবং লেখক)।
এই সিরিজ রচনার দায়িত্বে ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নাট্যরচয়িতা ও নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা, পুলক রাহা, রতন সিদ্দিকি, শেখ সাদি, মিথুন হাসান প্রমুখ। রিসার্চের দায়িত্বে ছিলেন সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত। ভয়েস ডিরেকশনের দায়িত্বে ছিলেন রফিকুল সেলিম। লিড ক্যারেক্টার ডিজাইনার ছিলেন যাওয়াদ মাহমুদ।